২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জুবায়ের হত্যার বিচার বিভাগীয় তদন্ত দাবি

জুবায়ের হত্যার বিচার বিভাগীয় তদন্তসহ আটদফা দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Mar 2012, 05:16 PM

Updated : 24 Aug 2022, 10:54 AM

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, মার্চ ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জুবায়ের হত্যার বিচার বিভাগীয় তদন্তসহ আটদফা দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। রোববার বিকালে বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে পাঁচদিনের এ কর্মসূচি ঘোষণা করেন ‘শিক্ষক সমাজ’র ব্যানারে আন্দোলনরত এই শিক্ষকরা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে শিক্ষক সমাজ’র আহবায়ক অধ্যাপক নাসিম আখতার হোসাইন বলেন, সকল ফোরামে দলীয় নিয়োগের মাধ্যমে অনিয়মের রাজত্ব প্রতিষ্ঠা করা হয়েছে। ফলে গোটা পদ্ধতির আমূল পরিবর্তনের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। জুবায়ের হত্যা কোনো দুস্কৃতিকারীর সংঘঠিত বিচ্ছিন্ন ঘটনা নয় বলেও মন্তব্য করেন তিনি। অধ্যাপক নাসিম অখতার হোসাইন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জুবায়ের হত্যার বিচার ও প্রশাসনের অনিয়ম বন্ধ না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে। সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পরিসংখ্যান বিভাগের অধ্যাপক এম এ মতিন, ইতিহাসের অধ্যাপক আতিকুর রহমান, প্রতœতত্ত্বের অধ্যাপক মোজাম্মেল হক, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক এ এ মামুন, দর্শনের সহযোগী অধ্যাপক রায়হান রাইন ও আনোয়ারুল্লাহ ভূঁইয়া। শিক্ষক সমাজ’র দাবিসমূহ জুবায়ের হত্যা তদন্তে বিচার বিভাগীয় কমিটি গঠন ও হত্যার বিচার করে সহিংসতার রাজনীতি নির্মুল করা। প্রশাসন কর্তৃক সন্ত্রাসী, অছাত্রদের লালন বিষয়ে তদন্ত কমিটি গঠন। শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক এ এ মামুনকে লাঞ্ছনার সুষ্ঠু বিচার। ভিন্ন মতাবলম্বী হওয়ার কারণে বাইরে অবস্থানরত প্রায় দুই শতাধিক শিক্ষার্থীকে ফিরিয়ে আনার ব্যাবস্থা গ্রহণ। অবিলম্বে গণনিয়োগ বন্ধ। গোষ্ঠীগত ও বাণিজ্যিক স্বার্থে বিশ্ববিদ্যালয়ের প্রাকৃতিক পরিবেশ ধ্বংস বন্ধ। শিক্ষার বাণিজ্যিকীকরণ বন্ধ ও উন্নয়নের নামে ফি বৃদ্ধি বন্ধ। ৭৩’র অধ্যাদেশ বাস্তবায়নের লক্ষ্যে সময়োত্তীর্ণ বিভিন্ন পদে (ডিন, সিন্ডিকেট, সিনেট ও রেজিস্ট্রার গ্রাজুয়েট) নির্বাচন দেওয়া। পরবর্তী কর্মসূচি ৫ ফেব্রুয়ারি গণসংযোগ ও গণঅভিযোগ সংগ্রহ, ৬ ফেব্রুয়ারি গণিত বিভাগ থেকে গণসংযোগ ও পথসভা, ৮ ফেব্রুয়ারি নতুন কলা ভবনের সামনে জমায়েত ও নিবন্ধকের অফিসের সামনে সমাবেশ, ৯ ফেব্রুয়ারি গণসংযোগ, ১০ ফেব্রুয়ারি গণনিয়োগ বন্ধের দাবিতে নিবন্ধকের অফিস অবরোধ। ছাত্রলীগ সমর্থকদের প্রহারে গত ৯ জানুয়ারি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী জুবায়ের আহমেদ নিহত হন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩০০ ঘ.