চট্টগ্রাম, মার্চ ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাংস্কৃতিক অনুষ্ঠান দেখাকে কেন্দ্র করে চট্টগ্রাম নগরের জাকির হোসেন সড়কে অবস্থিত একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ সময় কলেজ ছাত্ররা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রকে কুপিয়ে জখম করেছে।
রোববার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (ইউএসটিসি) এবং ওমরগণি এমইএস কলেজের ছাত্রদের মধ্যে সংঘর্ষের এ ঘটনা ঘটে।
সংঘর্ষের সময় এমইএস কলেজের বিক্ষুব্ধ ছাত্ররা বিশ্ববিদ্যালয় ভবন ভাঙচুর করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ছাড়া বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ইউএসটিসি’র সামনে জাকির হোসেন সড়ক প্রায় একঘণ্টা অবরোধ করে রাখেন। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে রাত সাড়ে ৮টা থেকে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
আহত শিক্ষার্থী মনজুর আলমকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি ইউএসটিসি’র বিবিএ দ্বিতীয় সেমিস্টারের শিক্ষার্থী।
ঘটনাস্থলে উপস্থিত খুলশী থানার উপ-পরিদর্শক (এসআই) সাইফুদ্দিন আনোয়ার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রোববার দুপুরে ইউএসটিসির ভাসানী মিলনায়তনে ফার্মেসি বিভাগের নবীনবরণ অনুষ্ঠান ছিল। সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান দেখতে এমইএস কলেজের একদল শিক্ষার্থী গেলে এক পর্যায়ে দুইপক্ষের মধ্যে সংঘর্ষ বাধে।
বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউএসটিসিতে ছাত্র রাজনীতি নিষিদ্ধ থাকলেও এমইএস কলেজ নিয়ন্ত্রণ করে চট্টগ্রাম নগর ছাত্রলীগ। ইউএসটিসি’র ছাত্রদের দাবি, ছাত্রলীগের কিছু উচ্ছৃঙ্খল কর্মী এ ঘটনা ঘটিয়েছে।
এসআই সাইফুদ্দিন জানান, এর জের ধরে কলেজের ছাত্ররা ইউএসটিসি ক্যাম্পাসের বাইরে বিবিএ দ্বিতীয় সেমেস্টারের ছাত্র মনজুরকে কুপিয়ে জখম করে। পরে ইউএসটিসি’র ছাত্ররা সড়ক অবরোধ করে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে দুই প্লাটুন পুলিশ মোতায়েন করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এএল/২২০৪ ঘ.
bdnews24