গোপালগঞ্জ, মার্চ ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-গোপালগঞ্জ সড়ক বিভাগের সহকারী প্রকৌশলী মো. শাহ আলম সরদার (৪৬) শনিবার রাত থেকে নিখোঁজ রয়েছেন।
শনিবার বিকালে গোপালগঞ্জ থেকে অফিসের কাজে তিনি ঢাকা রওনা দেন। রাত ৯টার দিকে তার স্ত্রী মোবাইলে কল করলে ব্যস্ত টোন পান। পরে রাত সাড়ে ১০টার দিকে আবার ফোন দিয়ে বন্ধ পান।
এরপর থেকে তিনি নিখোঁজ রয়েছেন। ঢাকায় তার বাসা হল বসুন্ধরা আবাসিক প্রকল্পে।
এ ঘটনায় রোববার গোপালগঞ্জ সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী আলমগীর বাদশা মিয়া সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
নিখোঁজ শাহ আলম সরদারের ভাই মো. শাহাদৎ হোসেন বলেন, শনিবার সকাল ৯টার দিকে মোবাইল ফোনে তার সঙ্গে কথা হয়। বিকাল ৪টার দিকে তার ভাবী (শাহ আলমের স্ত্রী) আসমা আলম রীতাকে ফোন করে ঢাকার উদ্দেশে রওনা দেন বলে জানান।
নির্বাহী প্রকৌশলী আলমগীর বাদশা মিয়া বলেন, অফিসের কাজে তিনি (শাহ আলম) ঢাকা রওনা দেন। রোববার ঢাকার সড়ক ভবনে তার অফিসিয়াল কাজ ছিল। রাতে তিনি বাসায় ফেরেননি বলে পরিবারের লোকজন ফোন করে জানিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১৫০ ঘ.
bdnews24