২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এতিমের খাবার কর্মকর্তার পেটে, শিশুদের অবরোধ

নি¤œমানের খাবার সরবরাহসহ নানা অনিয়মের প্রতিকার চেয়ে রাজশাহী- নাটোর মহাসড়ক অবরোধ করেছে ‘নাটোর সরকারি শিশু পরিবার’র এতিমরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Mar 2012, 12:35 PM

Updated : 24 Aug 2022, 10:54 AM

নাটোর, মার্চ ৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নি¤œমানের খাবার সরবরাহসহ নানা অনিয়মের প্রতিকার চেয়ে রাজশাহী- নাটোর মহাসড়ক অবরোধ করেছে ‘নাটোর সরকারি শিশু পরিবার’র এতিমরা। রোববার সকাল সাড়ে ৯টা থেকে মহাসড়কে শুয়ে তারা দুইঘণ্টা অবরোধ-বিক্ষোভ করে। এ সময় সড়কের দুই পাশে প্রায় পাঁচ কিলোমিটারের এলাকায় যানজটের সৃষ্টি হয়। প্রতিষ্ঠানটির তত্ত্বাবধায়ক আফাজ উদ্দিনসহ দুই কর্মচারীকে ২৪ ঘণ্টার মধ্যে অপসারণের দাবিও জানিয়েছে তারা। শিশুদের অভিযোগের মধ্যে রয়েছে নিুমানের খাবার সরবরাহ, ওষুধপত্র না দেওয়া, কর্মকর্তাদের বাড়িতে তাদের কাজ করানো, তাদের জিনিসপত্র কর্মকর্তা-কর্মচারীদের ব্যবহার। এসব অভিযোগ তদন্তে প্রশাসন একটি কমিটি গঠন করেছে। অবরোধকারী শিশুদের মধ্যে আল আমিন, সোহান, শাকিল, সৌরভসহ বেশকজন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলে, খাবার খরচ হিসেবে প্রত্যেক শিশুর জন্য মাসে দুই হাজার টাকা সরকারি বরাদ্দ রয়েছে। অথচ তাদের নিয়মিত পেট ভরে খেতে দেওয়া হয় না। একশ’ গ্রাম গুঁড়ো দুধ এক বালতি পানিতে মিশিয়ে তাদের খেতে দেওয়া হয়। কম দামের পচা চালের ভাত দেওয়া হয়। এছাড়া পর্যাপ্ত দেওয়া হয় না। শিশু আল আমিন একদিন ওষুধ চাইলে এক কর্মচারী তাকে ওষুধ না দিয়ে ট্রাকের নিচে মাথা দিয়ে মরতে বলেন। শিশুদের জন্য বরাদ্দ লেপ, তোষক, চাদর ও রিফ্রিজারেটর এই প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা নিজেরা ব্যবহার করেন। কর্মকর্তা-কর্মচারীরা শিশুদের দিয়ে তাদের বাসার কাজ করান। প্রতিষ্ঠানের বিদ্যুতের লাইন থেকে অবৈধ সংযোগ নিয়ে প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা ব্যবহার করেন। কোনো শিশু এসবের প্রতিবাদ করলে কৌশলে তাকে প্রতিষ্ঠান থেকে বের করে দেওয়া হয়। শিশুরা আরো জানায়, এসব অনিয়ম দূর করা এবং ভালো খাবার সরবরাহের দাবিতে গত ২ জানুয়ারি সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালকের কাছে আবেদন করেও কোনো ফল না হওয়ায় তারা আন্দোলনে নেমেছে। এবার দাবি না মানলে তারা অনশনসহ আরো কঠোর আন্দালনের হুমকি দিয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক প্রতিষ্ঠান কর্মচারী বলেন, টানা ৩০ বছর ধরে এখানে খাবার সরবরাহ করেন ঠিকাদার মুনসুর আলী। চলতি বছরের দরপত্রে তিনি ২০ টাকা কেজি দরে কই মাছসহ সকল খাদ্য দ্রব্য এমন কম দামে সরবরাহ করার কথা উল্লেখ করেছেন। নাটোরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মো. সাখাওয়াৎ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এখানকার (শিশু পরিবারের) নানা অনিয়মের কথা তিনি শুনেছেন। ঘটনা তদন্তে একজন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত প্রতিবেদন পাবার পর ব্যবস্থা নেওয়া হবে। দরপত্রে ২০ টাকা কেজি দরে কই মাছ সরবরাহ করা প্রসঙ্গে সাখাওয়াৎ বলেন, এমন অস্বাভাবিক দর উল্লেখ করেই এই ঠিকাদার গত ৩০ বছর ধরে এখানে খাবার সরবরাহ করছেন। এডিএম সাখাওয়াৎ হোসেন আরো বলেন, এ ব্যাপারে গঠিত তদন্ত কমিটির সোমবারের মধ্যে প্রতিবেদন দেওয়ার কথা রয়েছে। ঠিকাদার মুনসুর আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের কাছে এসব অভিযোগ অস্বীকার করেছেন। শিশু পরিবারের তত্ত্বাবধায়ক আফাজ উদ্দিন সহকর্মীসহ তার বিরুদ্ধে আনা এসব অভিযোগের ব্যাপারে কোনো মন্তব্য করতে রাজি হননি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/ডিডি/১৮২৪ ঘ.