সৈয়দ নাহাস পাশা
লন্ডন থেকে
লন্ডন, মার্চ ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- লন্ডন অলিম্পিক এবং এতে অংশ নিতে যাওয়া অনেক জাতীয় দল ও তারকা অ্যাথলেটদের পৃষ্ঠপোষক অ্যাডিডাস, নাইকি ও পুমা বিশ্বের সবচেয়ে বড় এই ক্রীড়া আসরের মাধ্যমে তাদের পণ্যের প্রসার বাড়ালেও বাংলাদেশে এগুলো তৈরিতে নিয়োজিত শ্রমিকেরা ন্যায্য মজুরি থেকে বঞ্চিত হচ্ছে বলে অভিযোগ করেছে ব্রিটিশ দাতব্য প্রতিষ্ঠান ‘ওয়ার অন ওয়ান্ট’।
‘রেইস টু দ্য বটম’ শীর্ষক এক প্রতিবেদনে তারা বলেছে, অ্যাডিডাস, নাইকি ও পুমা অলিম্পিকের মূল্যবোধ ন্যায্যতা ও সম্মানের সঙ্গে তাদের নাম জড়াতে চাইছে।
“অথচ বাংলাদেশে তাদের পণ্য যারা বানাচ্ছে তাদের প্রতি তারা একই দৃষ্টিভঙ্গী দেখাচ্ছে না। গবেষণায় দেখা গেছে, বাংলাদেশের প্রতি ছয়টি কারখানার মধ্যে পাঁচটিতেই বাংলাদেশের আইন অনুযায়ী ন্যূনতম মজুরি দেওয়া হয় না।”
প্রতিবেদনে বলা হয়, গড়ে শ্রমিকদের ঘণ্টায় ১৬ পেনি (২০ টাকা) করে দেওয়া হয়। আর দুই-তৃতীয়াংশ গার্মেন্টস শ্রমিকদেরই সপ্তাহে ৬০ ঘণ্টার বেশি কাজ করানো হয়, যা বাংলাদেশের আইনের স্পষ্ট লঙ্ঘন।
তৈরি পোশাক কারখানার শ্রমিকদের সঙ্গে সরাসরি সাক্ষাৎকারের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে। ওয়ার অন ওয়ান্ট দাবি করেছে, বাংলাদেশের গার্মেন্টস শ্রমিকরা কর্মস্থলে নানা নির্যাতনের শিকার হন। এমনকি শারীরিক নির্যাতন ও যৌন হয়রানিরও শিকার হন তারা।
প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশ বিশ্বের চতুর্থ বৃহত্তম তৈরি পোশাক রপ্তানিকারক দেশ। দেশের ৫ হাজার গার্মেন্টস কারখানার ৩০ লাখ শ্রমিকের ৯৫ শতাংশই নারী।
এতে অভিযোগ করা হয়, বাংলাদেশে শ্রমিকদের পারিশ্রমিক খুবই কম বলে স্পোর্টসওয়্যার কোম্পানিগুলো বেশি মুনাফা করতে পারে। কিন্তু বাংলাদেশের ৩০ লাখ গার্মেন্টস শ্রমিকই বসবাস অনুপোযোগী বেতনে কাজ করেন। অ্যাডিডাসের জন্য স্পোর্টসওয়্যার তৈরি করা কোম্পানির শ্রমিকের সর্বনিু মাসিক বেতন ২ হাজার ২৯০ টাকা।
অ্যাডিডাস লন্ডন অলিম্পিকের অফিসিয়াল স্পোর্টসওয়্যার পার্টনার। এর ফলে অ্যাডিডাস অলিম্পিকের ৭০ হাজার স্বেচ্ছাসেবকের পোশাক সরবরাহ করবে। অলিম্পিকের লোগোসহ পণ্য তৈরি করতে পারবে কেবল অ্যাডিডাসই। ৬৫টি দেশে ১ হাজার ২০০টি কারখানায় ৭ লাখ ৭৫ হাজার শ্রমিক অ্যাডিডাসের পণ্য তৈরি করে।
নাইকি বিশ্বের বৃহত্তম স্পোর্টসওয়্যার ব্র্যান্ড। ২০১০-১১ অর্থবছরে তাদের বিক্রির পরিমাণ ছিল ১৩ বিলিয়ন পাউন্ড। অলিস্পিকে যুক্তরাষ্ট্র দলের পৃষ্ঠপোষক নাইকি।
বিশ্বের দ্রুততম মানব উসাইন বোল্টের পৃষ্ঠপোষক পুমা। বিশ্বের ৩৫০টি কারখানায় প্রায় তিন লাখ শ্রমিক পুমার পণ্য তৈরি করে।
আগামী ২৯ অগাস্ট লন্ডনে বসছে বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়া প্রতিযোগিতার আসর, যা চলবে ৯ সেপ্টেম্বর পর্যন্ত।
ওয়ার অন ওয়ান্টের প্রতিবেদনে বলা হয়, তারা ক্রেতাদের এসব ব্র্যান্ড বর্জন করার আহবান জানাচ্ছে না। কারণ এতে শ্রমিকরা চাকরি হারাতে পারে।
তারা এসব কোম্পানির আচরণ বদলাতে বলছে। ওয়ার অন ওয়ান্ট এজন্য সাধারণ ক্রেতাদের কোম্পানিগুলোর ওপর চাপ সৃষ্টির আহবানও জানিয়েছে।
ব্রিটিশ অভিনেত্রী ভেনেসা রেডগ্রেভ রোববার বিবিসি রেডিও ফোরে বাংলাদেশি গার্মেন্টস শ্রমিকদের সাহায্যার্থে ওয়ার অন ওয়ান্টকে আর্থিক সহযোগিতার আহবান জানাবেন। তিনি ইয়াসমিন নামের একজন গার্মেন্টস শ্রমিকের কাহিনীও তুলে ধরবেন রেডিও ফোরের অনুষ্ঠানে।
ওয়ার অন ওয়ান্ট এর আগে সুপারস্টোর টেসকো এবং প্রাইমার্কের এর বিরুদ্ধেও বাংলাদেশি গার্মেন্টস শ্রমিকদের শোষণ করা বা কম মজুরি দেওয়ার অভিযোগ করেছিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসইউ/১৫৫২ ঘ.
bdnews24