ঢাকা, মার্চ ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সন্ত্রাসবিরোধী যুদ্ধে ‘সহযোগিতার’ অংশ হিসেবে প্রশিক্ষণ দিতে মার্কিন বাহিনীর কিছু সংখ্যক সদস্য থাকলেও বাংলাদেশে যুক্তরাষ্ট্রের কোনো ঘাঁটি নেই বলে জানিয়েছেন রাষ্ট্রদূত ড্যান মজিনা।
তিনি রোববার এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, “বাংলাদেশে কোনো ঘাঁটি থাকার প্রশ্নই আসে না।”
যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের প্রধান অ্যাডমিরাল রবার্ট উইলার্ড বৃহস্পতিবার কংগ্রেস কমিটিকে জানান, সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ে ‘সহযোগিতা দিতে’ বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার পাঁচটি দেশে অবস্থান করছে যুক্তরাষ্ট্রের ‘স্পেশাল ফোর্সের’ সদস্যরা।
এই সংবাদ প্রকাশের পর দেশের বামপন্থী বিভিন্ন রাজনৈতিক দল প্রতিক্রিয়া দেখিয়েছে, যার মধ্যে ক্ষমতাসীন মহাজোটের শরিক দলও রয়েছে।
এ বিষয়ে ঢাকায় ওয়াশিংটনের রাষ্ট্রদূত মজিনা বলেন, “তারা প্রশিক্ষণ দিতে এসেছেন এবং চলেও যাবেন। এ ক্ষেত্রে বাংলাদেশের সঙ্গে সহযোগিতার ভিত্তিতে আমরা কাজ করছি।”
কয়েকটি সংবাদপত্রে যুক্তরাষ্ট্রের ঘাঁটি স্থাপনের বিষয়টি পড়েছেন জানিয়ে তিনি বলেন, এটা সম্পূর্ণ ভিত্তিহীন এবং কল্পিত।
যৌথ কর্মসূচির অংশ হিসেবেই বিশেষ বাহিনীর সদস্যদের বাংলাদেশে আসা জানিয়ে তিনি বলেন, বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক সুদীর্ঘকালের এবং এই বন্ধন অত্যন্ত দৃঢ়।
এই প্রসঙ্গে মজিনা বলেন, বাংলাদেশে কিছু মানুষ ‘সোনালী ভবিষ্যৎ’ গড়ার স্বপ্ন দেখার বিরোধী।
“আসলে তারা বাংলাদেশে শান্তি, সৌহার্দ্য, গণতন্ত্র নস্যাৎ করতে চায়। আমরা তাদের সন্ত্রাসী বলে থাকি। এই সব সন্ত্রাসীরা বাংলাদেশের শত্র“, আমেরিকার এবং বিশ্বের প্রতিটি গণতান্ত্রিক দেশের শত্র“। একসঙ্গে মিলে আমরা এইসব সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়তে পারি এবং আমরা অবশ্যই তা করব,” বলেন তিনি।
সকালে গোয়েন্দা পুলিশের কার্যালয়ে এক অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে কথা হয় রাষ্ট্রদূতের। বাংলাদেশ পুলিশ কর্মকর্তাদের প্রশিক্ষণে ও বিভিন্ন যন্ত্রপাতি সরবরাহ করে বিগত এক দশকে যুক্তরাষ্ট্র ১ কোটি ৯০ লাখ ডলারেরও বেশি সহায়তা দিয়েছে বলে জানান তিনি।
মজিনা বলেন, সোয়াত বাহিনীর ৪৮ সদস্য ইতোমধ্যে যুক্তরাষ্ট্রে প্রশিক্ষণ নিয়ে এসেছে। আরো ৪৮ জনকে প্রশিক্ষণ দেওয়ার প্রক্রিয়াও চলছে।
অনুষ্ঠানে ঢাকা মহানগর পুলিশ কমিশনার বেনজির আহমেদ বলেন, যুক্তরাষ্ট্রের সহযোগিতা বাংলাদেশের প্রয়োজন এবং সরকারও এই ক্ষেত্রে ইতিবাচক মনোভাব নিয়ে কাজ করছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/কেটি/এমআই/১৩২৫ ঘ.
bdnews24