২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজৈরে মন্দির ধ্বংস তদন্তে কমিটি গঠনের নির্দেশ

মাদারীপুরের রাজৈর উপজেলার দুটি মন্দির কীভাবে ধ্বংস হচ্ছে, তা তদন্তে এক জন উপসচিবের নেতৃত্বে কমিটি করতে নির্দেশ দিয়েছে হাই কোর্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Mar 2012, 10:05 AM

Updated : 24 Aug 2022, 10:54 AM

ঢাকা, মার্চ ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাদারীপুরের রাজৈর উপজেলার দুটি মন্দির কীভাবে ধ্বংস হচ্ছে, তা তদন্তে এক জন উপসচিবের নেতৃত্বে কমিটি করতে নির্দেশ দিয়েছে হাই কোর্ট। একটি স্বতঃপ্রণোদিত রুলের শুনানিতে রোববার বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি জাহাঙ্গীর হোসেনের বেঞ্চ আইন সচিবকে এই নির্দেশ দেন। মন্দিরের সঙ্গে সংশ্লিষ্ট সবার মতামত ও বক্তব্য নিয়ে তদন্ত দলকে ৮ এপ্রিলের মধ্যে একটি সমন্বিত প্রতিবেদন আদালতে দিতে হবে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মন্দির এলাকায় স্থিতাবস্থায় বজায় রাখতে মাদারীপুরের জেলা প্রশাসককে নির্দেশ দেওয়া হয়েছে। দোল পূর্ণিমাসহ সব ধরণের পূজা পার্বণ করার অনুমতি দিতেও আদেশ দেওয়া হয়েছে। একইসঙ্গে মন্দির এলাকায় বসবাসরত পূজারী ও সেবায়েতদের নির্বিঘেœ কার্যক্রম পরিচালনা করার সুযোগ দিতেও বলেছে আদালত। শুনানিতে অংশ নেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ বি এম আলতাফ হোসেন, তাকে সহায়তা করেন ইয়াদিয়া জামান। এ ছাড়া মানবাধিকার সংগঠন ‘হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ’র পক্ষে অ্যাডভোকেট মনজিল মোরসেদ শুনানিতে অংশ নেন। ওই এলাকার বাসিন্দা পুলিন বৈদ্যের হয়ে সংগঠনটি এই মামলায় পক্ষভুক্ত হয়েছে। শুনানিতে মাদারীপুরের জেলা প্রশাসকের দেওয়া একটি প্রতিবেদনে অনাস্থা দেন মনজিল মোরসেদ। এরপর আদালত এই সব আদেশ দেয়। মনজিল বলেন, “প্রতিবেদনে বলা হয়েছে, মন্দির কেউ ইচ্ছাকৃতভাবে ধ্বংস করেনি। বাস্তবে একটি প্রভাবশালী মহল মন্দির ধ্বংস করেছে। মন্দিরের ইট ব্যক্তিগত কাজে ব্যবহার করেছে। “গাছপালাও কেটে নিয়ে নিয়েছে। এ সংক্রান্ত কিছু ছবিও এর আগে আমরা আদালতে উপস্থাপন করেছি। আদালত জেলা প্রশাসনকে এই বিষয়ে পদক্ষেপ নিতে বলা হলেও তিনি কোনো পদক্ষেপ নেয়নি।” আদালতের আহ্বানে ইংরেজি দৈনিক ডেইলি স্টারের জ্যেষ্ঠ প্রতিবেদক আশুতোষ সরকারও বক্তব্য রাখেন। তিনি বলেন, অবৈধ দখলদারকে উচ্ছেদ করার পরও তারা আবার মন্দির দখলে নিতে স্থানীয় মস্তানদের নিয়ে ভূঁইফোঁড় মন্দির কমিটি গঠনের চেষ্টা চালাচ্ছে বলে ওই এলাকার বাসিন্দারা জানিয়েছে। “এর ফলে দীর্ঘদিন যাবত মন্দির রক্ষণাবেক্ষণ ও পূজা অর্চনার সঙ্গে সংশ্লিষ্ট কমিটি আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছে,” বলেন সাংবাদিক আশুতোষ। এ বিষয়ে আশুতোষ সরকারের একটি প্রতিবেদন রোববার ডেইলি স্টারে প্রকাশিত হয়। উপজেলার পলিতা গ্রামের কালী মন্দির ও গোপাল মন্দিরের অংশ বিশেষ ওই এলাকার নির্মল হালদার দখল করে রেখেছেন বলে অভিযোগ উঠেছে। গত ১৪ জানুয়ারি এ বিষয়ে দৈনিক জনকণ্ঠে ‘মাদারীপুরে মন্দিরের নামে সরকারি জমি লিজ দেওয়ার দাবি’ শীর্ষক একটি সংবাদ প্রকাশিত হয়। প্রতিবেদনটি নজরে এলে আদালত ১৭ জানুয়ারি স্বতঃপ্রণোদিত রুল জারি করে। একই সঙ্গে ‘দখলকারী’ নির্মল হালদারকে হাজির হতে নির্দেশ দেয়। নির্মল হালদার উপস্থিত হাজির হওয়ার পর ২৪ জানুয়ারি হাই কোর্ট মন্দির এলাকায় নির্মল হালদারের নির্মিত সব স্থাপনা সরাতে জেলা প্রশাসককে নির্দেশ দেয়। পরে ওই স্থাপনা অপসারণ করা হয়। দৈনিক জনকণ্ঠের ওই প্রতিবেদেনে বলা হয়, ১৯৮০ সালে অর্পিত সম্পত্তি হিসেবে মন্দিরের জায়গার একটি অংশ ইজারা নেন নির্মল হালদার। এরপর মন্দির ভবনের ইট-কাঠ-লোহা এবং ওই সম্পত্তির মধ্যে থাকা কিছু গাছ কেটে নিয়ে যান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/এমআই/১৫৫৫ ঘ.