২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাগর-রুনি হত্যা নিয়ে ইইউ পার্লামেন্টে যাওয়ার হুমকি

সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যাকাণ্ডের সঠিক তদন্ত ও বিচার না হলে ইউরোপীয় ইউনিয়নের পার্লামেন্টে অভিযোগ করার হুমকি দিয়েছেন জার্মানপ্রবাসী বাংলাদেশিরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Mar 2012, 05:44 PM

Updated : 24 Aug 2022, 10:53 AM

মারুফ মল্লিক ফ্রাঙ্কফুর্ট থেকে ফ্রাঙ্কফুর্ট, মার্চ ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যাকাণ্ডের সঠিক তদন্ত ও বিচার না হলে ইউরোপীয় ইউনিয়নের পার্লামেন্টে অভিযোগ করার হুমকি দিয়েছেন জার্মানপ্রবাসী বাংলাদেশিরা। জার্মানির বাণিজ্যিক প্রাণকেন্দ্র ফ্রাঙ্কফুর্ট শহরে এক প্রতিবাদ সভায় বক্তারা এ হুমকি দেন। তারা বলেন, প্রয়োজনে পুরো ইউরোপে দেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে প্রচারণা চালানো হবে। গত ১১ ফেব্রুয়ারি রাজধানীর রাজাবাজারে নিজেদের ভাড়া বাসায় খুন হন মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সরওয়ার এবং তার স্ত্রী এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনি। এরপর তিন সপ্তাহ পেরিয়ে গেলেও খুনিকে গ্রেপ্তার বা হত্যা রহস্যের কিনারা করতে পারেনি পুলিশ। লন্ডন থেকে প্রচারিত একটি ইন্টারনেট রেডিওর প্রতিনিধি হাবিবুল্লাহ বাবুল বলেন, “আমাদেরই প্রতিরোধ গড়ে তুলতে হবে। যারা দেশে আছেন তাদের অনেকের পক্ষেই কথা বলা সম্ভব না।” নিহত সাগরের সাবেক সহকর্মী সুপ্রিয় বন্দোপাধ্যায় বলেন, “কীসের ভয়? কোন আতঙ্ক? হত্যার কারণ জানতে চাই।” জার্মানির ডয়চে ভেলেতে দীর্ঘদিন সাগরের সহকর্মী ছিলেন সুপ্রিয়। সেখান থেকে গতবছরের মাঝামাঝি দেশে ফেরেন সাগর। হ্যানোভার থেকে প্রতিবাদ সভায় যোগ দিতে আসেন জার্মানির বাংলাদেশ ফোরামের সদস্য লিপি আহমেদ। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে সাগর-রুনি হত্যাকাণ্ড বিষয়ক আলোচনার প্রসঙ্গ টেনে বলেন, “সামাজিক মাধ্যমে এত লেখা হলো। এখন কমে গেছে।” এ হত্যাকাণ্ডের বিচারে জনমত সৃষ্টিতে হ্যানোভার ভিত্তিক বাংলাদেশ ফোরাম সক্রিয় হবে বলে জানান তিনি। প্রতিবাদ সভার শুরুতে সাগর সারওয়ার ও মেহেরুন রনির জীবনী ও কর্ম জীবনের নিয়ে একটি তথ্যচিত্র উপস্থাপন করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএম/পিডি/২৩৪০ ঘ.