ঢাকা, মার্চ ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কিডনি বিকল হয়ে যাওয়ায় দুই সন্তানের মা ফেরদৌসী বেগমকে সপ্তাহে তিন দিন ডায়ালাইসিস নিতে হয়। একটু স্বাভাবিক জীবনে ফিরতে গত দেড় বছর ধরে তিনি কিডনি প্রতিস্থাপনের সুযোগ খুঁজলেও ভাগ্য আর আইন তার সহায় হচ্ছে না।
ফেরদৌসী বাবাকে হারিয়েছেন; মায়ের শারীরিক অবস্থাও ভালো নয়। এই অবস্থায় নিকট আত্মীয়দের মধ্যে এক মামার কাছ থেকে কিডনি নেওয়ার কথা ভেবেছিলেন তিনি। কিন্তু চিকিৎসকরা জানিয়েছেন, তাদের দুজনের কিডনি মিলবে না।
চিকিৎসকের পরীক্ষায় জানা গেছে, এক ভাইয়ের ছেলের কিডনি প্রতিস্থাপন করা হলে সুস্থ হয়ে উঠতে পারেন ফেরদৌসী। কিন্তু দেশের বিদ্যমান আইনে সেটাও সম্ভব হচ্ছে না বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান তিনি।
কিডনি সচেতনতা, পর্যবেক্ষণ ও রোগ প্রতিরোধ সোসাইটির (ক্যাম্পস) সভাপতি অধ্যাপক এম এ সামাদ জানান, কিডনি রোগীদের মধ্যে অনেকেই ফেরদৌসীর মতো সমস্যায় কষ্ট পাচ্ছেন। অথচ চিকিৎসকরা তাদের কোনো সমাধান দিতে পারছেন না।
শনিবার এক গোলটেবিল বৈঠকে কিডনি রোগীদের এই জটিলতার কথা তুলে ধরে কিডনি দান বিষয়ে বিদ্যমান আইন সংশোধনের জন্য সরকারের প্রতি আহ্বান জানান কিডনি বিশেষজ্ঞরা। তারা বলেন, এ ব্যাপারে পদক্ষেপ নেওয়ার এখনই সময়।
১৯৯৯ সালের আইন অনুযায়ী, একজন রোগী কেবল তার বাবা-মা, ভাই-বোন, মামা-খালা বা চাচা-ফুপুর কাছ থেকেই কিডনি নিতে পারবেন, অন্য কারো কাছ থেকে নয়।
বিশেষজ্ঞরা বলছেন, এ আইন সংশোধন করে অন্যদের কাছ থেকেও কিডনি নেওয়ার সুযোগ দেওয়া হলে বহু মানুষ স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন। সারা দেশে কিডনি দানের বিষয়টি দেখভাল করার জন্য একটি নিয়ন্ত্রক কর্তৃপক্ষ গঠনেরও সুপারিশ করেছেন তারা।
জাতীয় প্রেসক্লাবে ক্যাম্পস আয়োজিত গোলটেবিল বৈঠকে এ সংস্থার সভাপতি সামাদ বলেন, সিঙ্গাপুর, সৌদি আরব, ইরান এবং বিভিন্ন ইউরোপীয় দেশসহ বহু রাষ্ট্রে কিডনি দানকে উৎসাহিত করা হয়।
বাংলাদেশ ১৯৮২ সালে কিডনি প্রতিস্থাপন শুরুর পর এক হাজারেরও বেশি রোগী এই চিকিৎসা নিয়ে সুস্থ জীবনে ফিরে এসেছেন। কিন্তু ২০১১ সালের সেপ্টেম্বরে পুলিশ অবৈধভাবে কিডনি ব্যবসা পরিচালনাকারী একটি দলকে ধরার পর পরিস্থিতি বদলে যায়।
অধ্যাপক সামাদ বলেন, পুলিশের ওই অভিযানের পর গণমাধ্যমে কিডনি প্রতিস্থাপনের স্বাস্থ্যগত ঝুঁকি ও কিছু চিকিৎসকের কিডনি ব্যবসায় জড়িত থাকার কথা উল্লেখ করে প্রতিবেন প্রকাশিত হয়। ফলে সাধারণ মানুষের মধ্যে এ বিষয়ে এক ধরনের অনাস্থা ও আতঙ্ক তৈরি হয়।
“অথচ এর কোনোটিই সঠিক নয়। মানুষকে অযথাই দ্বিধায় ভুগতে হচ্ছে”, বলেন এই বিশেষজ্ঞ।
কিডনি দান সম্পর্কিত আইন শিথিল করার আহ্বান জানিয়ে তিনি বলেন, “কিডনি প্রতিস্থাপনের বিষয়টি দেখাশোনার জন্য সরকার পরিচালিত একটি কেন্দ্রীয় পর্যবেক্ষক সংস্থাও থাকা দরকার।”
রেনাল ট্রান্সপ্ল্যান্ট অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট অধ্যাপক হারুন-অর-রশিদ আলোচনায় বলেন, দেশে কিডনি রোগীর সংখ্যা যে হারে বাড়ছে, তাতে আগামী দিনগুলোতে আরো অনেক বেশি মানুষের কিডনি প্রতিস্থাপনের প্রয়োজন হবে।
“কিডনি দান বিষয়ে ভুল ধারণাগুলো দূর করার জন্য জনসাধারণের মধ্যে সচেতনতা তৈরি করতে হবে। একইসঙ্গে আত্মীয়দের মধ্য থেকে কিডনি নেওয়ার সুযোগ আরো বাড়াতে আইনও সংশোধন করা দরকার।”
কিডনি জটিলতার কারণে নিয়মিত ডায়ালাইসেস যন্ত্রণা থেকে মুক্তি পেতে সংসদ সদস্য অধ্যাপক মতিউর রহমানও কিডনি প্রতিস্থাপন করেত চান। কিন্তু বিদ্যামান আইনের কারণে তাকেও ভুগতে হচ্ছে বলে গোলটেবিল বৈঠকে জানান তিনি।
“অনেকেই আমাকে কিডনি দিতে চেয়েছেন। কিন্তু আইনে কুলায় না বলে আমি তাদের কাছ থেকে নিতে পারিনি”, বলেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মনে করেন, বর্তমান পরিস্থিতি বিচার করে আইন সংশোধনই এখন সবচেয়ে যুক্তিযুক্ত।
“আর খুব দ্রত এ বিষয়ে পদক্ষেপ নিতে হবে”, বলেন তিনি।
কিডনি রোগের চিকিৎসা অনেক ব্যয়বহুল হওয়ায় এ রোগের বিষয়ে জনগণকে সচেতন করার ওপরও জোর দেন তৌফিক ইমরোজ খালিদী। অন্যান্য মাধ্যমের পাশাপাশি ইন্টারনেট ব্যবহার করে এ বিষয়ে প্রচার চালালে তা সুফল বয়ে আনবে বলেও মত দেন তিনি।
গোলটেবিল আলোচনায় উপস্থাপিত এক প্রবন্ধে ক্যাম্পসের সভাপতি অধ্যাপক সামাদ জানান, বর্তমানে দেশে ২ কোটিরও বেশি লোক বিভিন্ন কিডনি জটিলতায় ভুগছেন। কিডনি বিকল হওয়ায় ৩৫ থেকে ৪০ হাজার মানুষ প্রতি বছর মারা যাচ্ছেন। আর কিডনি রোগীদের মধ্যে ১০ শতাংশও তাদের চিকিৎসার খরচ ঠিকমতো চালাতে পারছেন না।
কিডনি প্রতিস্থাপনের খরচ কমানোর ওপর গুরুত্ব দিয়ে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা জাফরুল্লাহ চৌধুরী বলেন, “এটা করা গেলে অনেক রোগীই চিকিৎসা নিয়ে সুস্থ হওয়ার সুযোগ পাবেন।”
বর্তমানে দেশে কিডনি প্রতিস্থাপনের জন্য দুই থেকে সাত লাখ টাকা খরচ হয় বলে বিশেষজ্ঞরা জানান।
তারা বলছেন, উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসের মতো রোগের প্রকোপ বাড়ার সঙ্গে সঙ্গে ওষুধের যথেচ্ছ ব্যবহারই দেশে কিডনি রোগী বাড়ার প্রধান কারণ। আর এ রোগের লক্ষণ অনেক দেরিতে প্রকাশিত হয় বলে অনেকের পক্ষেই আর পুরোপুরি ভালো হওয়ার সুযোগ থাকে না।
অধ্যাপক সামাদ বলেন, “সময়মতো সনাক্ত করা গেলে অর্ধেক রোগীকে আমরা কিডনি বিকল হওয়া থেকে বাঁচাতে পারি। যারা উচ্চ রক্তচাপ বা ডায়াবেটিসে ভুগছেন, তারা নিয়মিত রক্ত ও মূত্র পরীক্ষা করলে প্রাথমিক পর্যায়েই কিডনি রোগ সনাক্ত করা সম্ভব।”
এছাড়া প্রস্রাবের পরিমাণ ও রং বদলে যাওয়া, শরীরের বিভিন্ন অংশ ফুলে যাওয়া অথবা দম কমে যাওয়ার মতো লক্ষণ দেখা দিলেও চিকিৎসকের কাছে যাওয়ার পরামর্শ দেন অধ্যাপক সামাদ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআইএইচ/জেকে/২০৫০ ঘ.
bdnews24