২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাগর-রুনি হত্যা‘তদন্তের স্বার্থেই গোপনীয়তা প্রয়োজন’

আইনমন্ত্রী শফিক আহমেদ বলেছেন, সাংবাদিক দম্পতি হত্যাকাণ্ডের তদন্তের স্বার্থেই তদন্ত কর্মকর্তাদের গোপনীয়তা রক্ষা করা উচিৎ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Mar 2012, 11:51 AM

Updated : 24 Aug 2022, 10:54 AM

গাজীপুর, মার্চ ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আইনমন্ত্রী শফিক আহমেদ বলেছেন, সাংবাদিক দম্পতি হত্যাকাণ্ডের তদন্তের স্বার্থেই তদন্ত কর্মকর্তাদের গোপনীয়তা রক্ষা করা উচিৎ। শনিবার গাজীপুরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “কোনো বিষয়ে নিশ্চিত না হয়ে সাংবাদিকদের তথ্য না দেওয়ার জন্য আদালত যে নির্দেশনা দিয়েছে তা ঠিক। তথ্য অধিকার আইনের সঙ্গে আদালতের এ নির্দেশনা সাংঘর্ষিক হয়নি।” গত ১১ ফেব্রুয়ারি ভোররাতে রাজধানীর পশ্চিম রাজাবাজারের বাসায় খুন হন মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সরওয়ার এবং তার স্ত্রী এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনি। এরপর প্রায় তিন সপ্তাহ পেরিয়ে গেলেও হত্যাকারীকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এ বিষয়ে গত মঙ্গলবার হাই কোর্টে একটি রিট আবেদন হলে আদালত তদন্ত নিয়ে ‘মনগড়া’ কোনো প্রতিবেদন প্রকাশ না করার নির্দেশ দেয়। এছাড়া তদন্তে সুনির্দিষ্ট কোনো অগ্রগতি ছাড়া গণমাধ্যমে কোনো বক্তব্য না দিতেও পুলিশকে নির্দেশনা দেওয়া হয়। বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের সামনে প্রতীকী অনশন পালন করে আদালতের এই নির্দেশনায় ক্ষোভ প্রকাশ করেছে সাংবাদিক সংগঠনগুলো। এক বিবৃতিতে তারা বলেছে, হাইকোর্ট যে নির্দেশনা দিয়েছে তা প্রকারান্তরে গণমাধ্যমের ওপর সেন্সরশিপ হিসেবে পরিগণিত হওয়ার আশঙ্কা রয়েছে। গাজীপুরে ‘তৃণমূল পর্যায়ে সরকারি খরচে আইনগত সহায়তা কার্যক্রম’ শীর্ষক কর্মশালার পর আইনমন্ত্রী সাংবাদিকদের বলেন, সুষ্ঠু তদন্তের স্বার্থেই এ গোপনীয়তা রক্ষা করা প্রয়োজন। তথ্য অধিকার আইনের বিষয়টি এর সঙ্গে সাংঘর্ষিক নয়। জেলা আইনগত সহায়তা প্রদান কমিটির উদ্যোগে বাংলাদেশ কৃষি গবেষণা ইন্সটিটিউটের ড. বদরুদ্দোজা মিলনায়তনে এ কর্মশালায় সভাপতিত্ব করেন জেলা ও দায়রা জজ বেগম তানজীনা ইসমাইল। অন্যদের মধ্যে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি রহমত আলী, ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আ ক ম মোজাম্মেল হক, আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব আশীষ রঞ্জন দাস, জেলা আইনজীবী সমিতির সভাপতি শহীদুজ্জামান, সাধারণ সম্পাদক সামসুল আলম প্রধান কর্মশালায় বক্তব্য দেন। বিচারক, উপজেলা ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, পুলিশ, প্রশাসনিক কর্মকর্তা ও সাংবাদিকদের উপস্থিতিতে কর্মশালায় আইনমন্ত্রী বলেন, কারো মামলা চালানোর সামর্থ্য না থাকলে সরকার তার পাশে দাঁড়াবে। আর এ বিষয়টি যাতে জনগণ জানতে পারে তা নিশ্চিত করতে জনপ্রতিনিধিদেরও ভূমিকা রাখতে হবে। মামলা জট কমাতে আদালতের বাইরে বিকল্প বিরোধ নিষ্পত্তির জন্যও স্থানীয় জনপ্রতিনিধিদের উদ্যোগ নিতে হবে বলে উল্লেখ করেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/জেকে/১৭৪০ ঘ.