২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে তিন ছিনতাইকারী গ্রেপ্তার

চট্টগ্রাম মেডিকেল কলেজের এক ছাত্রীর ব্যাগ ছিনতাই করে পালানোর সময় তিন জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Mar 2012, 08:13 AM

Updated : 24 Aug 2022, 10:54 AM

চট্টগ্রাম, মার্চ ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম মেডিকেল কলেজের এক ছাত্রীর ব্যাগ ছিনতাই করে পালানোর সময় তিন জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এরা হলেন- মো. ছোবহান (২২), মো. খলিল (২২) ও নাজির মিয়া। তাদের প্রত্যেকের বাসা নগরীর বাকলিয়া এলাকায়। শনিবার সকাল সাড়ে ৬টার দিকে স্থানীয় জনতার সহায়তায় নগরীর কাজীর দেউরী, জামাল খান ও আসকার দীঘির পাড় থেকে তিন জনকে গ্রেপ্তার করা হয়। কোতোয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, চট্টগ্রাম মেডিকেল কলেজের চতুর্থ বর্ষের শিক্ষার্থী নুশরাত শারমীন গরীবুল্লাহ শাহ মাজার সংলগ্ন গ্রিন লাইন কাউন্টার থেকে রিকশা নিয়ে সদরঘাটে নিজ বাসায় যাচ্ছিলেন। পুরাতন বিমান অফিসের সামনে সিএনজি চালিত অটোরিকশা করে আসা চার ছিনতাইকারী নুশরাতের ব্যাগ ও অন্যান্য সরঞ্জাম নিয়ে পালিয়ে যায়। অভিযানে অংশ নেওয়া এসআই আবদুর রাজ্জাক জানান, এ সময় স্থানীয় লোকজনের সহায়তায় ছিনতাইকারীদের ধাওয়া করে আটক করা হয়। এক জন পালিয়ে যায়। তাদের কাছ থেকে কলেজ ছাত্রীর খোয়া যাওয়া ব্যাগ উদ্ধার এবং ছিনতাই কাজে ব্যবহৃত অটো রিকশাটি জব্দ করা হয় বলে জানান তিনি। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/আরএ/১৪০৯ ঘ.