বরগুনা, মার্চ ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা থেকে বরগুনাগামী একটি লঞ্চের কর্মচারীদের প্রহারে এক বৃদ্ধ যাত্রীর মৃত্যুর অভিযোগ উঠেছে।
এমভি মশিরন খান নামের এই লঞ্চে বৃহস্পতিবার বিকালে এ ঘটনায় নিহত হন বরগুনার বেতাগী উপজেলার ভোড়া গ্রামের আবদুল হকু হাওলাদার (৬৫)।
রাতেই নিহতের ছেলে মতিউর রহমান বাদী হয়ে ৯ জনকে আসামি করে বেতাগী থানায় মামলা দায়ের করেছেন। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
নিহতের স্ত্রী সেতারা বেগম জানান, তিনি, তার স্বামী, ছেলে মতিউর রহমান, নাতি ইলিয়াস ও দেবর আশ্রাফ আলীকে নিয়ে বুধবার বিকালে ঢাকায় এমভি মশিরন খান লঞ্চে ওঠেন।
বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টার দিকে কালিকাপুর ঘাটে নামার আগে টিকিট কাটতে গিয়ে লঞ্চ কর্মচারীদের সঙ্গে তাদের কথা কাটাকাটি হয়।
এরপর লঞ্চের কর্মচারীরা তাদের মারধর শুরু করে। এক পর্যায়ে পড়ে গিয়ে আবদুল হকু হাওলাদারের মৃত্যু হয়।
বেতাগী থানার উপ-পরিদর্শক হাবিবুর রহমান বলেন, থানার ওসি (তদন্ত) আবদুস সালাম মামলার তদন্ত করছেন।
এ ঘটনায় র্যাব বরগুনা লঞ্চঘাট থেকে লঞ্চের কেরানী আরিফুজ্জামান (৩৩), লস্কর আলামিন (২২) ও চালক টিপু বিশ্বাসকে (২৮) আটক শেষে পুলিশে সোপর্দ করেছে। পরে তাদের কারাগারে পাঠানো হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২০৪৬ ঘ.
bdnews24