গাজীপুর, মার্চ ০২ (বিডি নিউজ টোয়েন্টিফোর ডটকম)- একমাস আগে গাজীপুরের টঙ্গীর পাগার এলাকা থেকে অপহৃত চতুর্থ শ্রেণীর এক ছাত্রের লাশ ময়মনসিংহ থেকে উদ্ধার করেছে পুলিশ। ঘটনায় জড়িত সন্দেহে এক জনকে আটক করা হয়েছে।
আটককৃত হবিকুল পেশায় সিএনজি অটোরিকশা চালক।
শুক্রবার সকালে ময়মনসিংহের নান্দাইল থানার দক্ষিণ জাহাঙ্গীরপুর থেকে জাহিদ হাসান বাবু (১০) নামে ওই শিশুর লাশ উদ্ধার করা হয়। বাবু পাগার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্র ছিলো। তার বাবা মো. নুরুল ইসলাম স্থানীয় পাগার সোসাইটির মাঠ এলাকার বাসিন্দা।
টঙ্গী থানার উপ-পরিদর্শক (এসআই) মোস্তাফিজুর রহমান জানান, বাবুদের পাশের বাড়ির ভাড়াটে হবিকুল গত ২ ফেব্র“য়ারি বিকেলে বাবুকে পাগার এলাকা থেকে অপহরণ করে হবিকুলের গ্রামের বাড়ি ময়মনসিংহ নিয়ে যায়। অপহরণের পর মোবাইল ফোনে ৮ লাখ টাকা মুক্তিপণ দাবি করে হবিকুল। এ ঘটনায় পরদিন বাবুর মা আসমা আক্তার বাদী হয়ে টঙ্গী থানায় মামলা করেন।
তিনি বলেন, “মোবাইল ফোন ট্র্যাকিং করে গত বুধবার হবিকুলকে কিশোরগঞ্জের হোসেনপুর থানার গোবিন্দপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী হবিকুলের বাড়ির পাশের পানের বরজের পাশে একটি গর্ত থেকে বাবুর অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে।”
হবিকুল জিজ্ঞাসাবাদে জানিয়েছেন, মুক্তিপণ না পেয়ে গলায় দড়ি পেঁচিয়ে শ্বাসরোধ করে বাবুকে হত্যা করা হয়েছে।
লাশ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/এএল/১৬৫৯ ঘ.
bdnews24