ঢাকা, মার্চ ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অর্থনীতিকে শক্তিশালী করতে পারে এমন সব ‘সেরা’ শ্রমিকই কেবল যুক্তরাজ্যে স্থায়ী বসবাসের আবেদন করতে পারবে বলে ঘোষণা দিয়েছে দেশটির সরকার।
ঢাকায় বৃটিশ হাই কমিশনের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, এর ফলে যুক্তরাজ্যে কাজ করতে এসে স্থায়ী অধিবাসী হওয়ার সুযোগ থাকছে না আর।
অভিবাসনের মাত্রা নিয়ন্ত্রণ এবং অভিবাসীর সংখ্যা কমিয়ে আনতে যুক্তরাজ্যে প্রবেশের সব ধরনের পদ্ধতি সংস্কার করছে সেদেশের সরকার।
অভিবাসন পদ্ধতি সংস্কারে গতবছর নেওয়া এক উদ্যোগে সরকারের সমর্থনের কথা বুধবার ঘোষণা করেন যুক্তরাজ্যের অভিবাসনমন্ত্রী ড্যামিয়েন গ্রীন।
হাই কমিশনের বৃহস্পতিবারের বিজ্ঞপ্তিতে বলা হয়, “প্রস্তাবিত পরিবর্তনগুলোর ফলে ‘দক্ষ শ্রমিক’ ভিসায় আসা অভিবাসী যুক্তরাজ্যে তার বসবাসের সময়ের বিবেচনায় স্থায়ী হওয়ার সুযোগ আর পাবেন না।”
ব্যতিক্রমধর্মী মেধাবী, বিনিয়োগকারী এবং উদ্যোক্তারা যুক্তরাজ্যে থাকার সুযোগ পাবেন।
কোনো ‘দক্ষ শ্রমিক’ যুক্তরাজ্যে স্থায়ী বসবাসের আবেদন করতে চাইলে তার বাৎসরিক আয় কমপক্ষে ৩৫ হাজার পাউন্ড বা তিনি যে কাজ করেন তার বাজার দর- এই দুইয়ের মধ্যে যেটি বেশি সে পরিমাণ আয় হতে হবে।
অবশ্য কর্মীর ঘাটতি আছে এমন পেশায় যারা আছেন এবং চিকিৎসক ও পিএইচডি পর্যায়ের গবেষকরা এই আয়সীমার মধ্যে পড়বেন না বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/বিডি/পিডি/০১১৩ ঘ.
bdnews24