২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘ছয় মাস পর সরকার বেতন দিতে পারবে না’

বিএনপির ভাইস প্রেসিডেন্ট আলতাফ হোসেন চৌধুরী দাবি করেছেন, অলৌকিক কিছু না ঘটলে সরকার ছয় মাস পর সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন দিতে পারবে না।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Mar 2012, 04:01 PM

Updated : 24 Aug 2022, 10:53 AM

জামালপুর, মার্চ ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপির ভাইস প্রেসিডেন্ট আলতাফ হোসেন চৌধুরী দাবি করেছেন, অলৌকিক কিছু না ঘটলে সরকার ছয় মাস পর সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন দিতে পারবে না। বৃহস্পতিবার জামালপুর জেলা বিএনপি আয়োজিত পৌর পবলিক হলে ১২ মার্চ ‘চলো চলো-ঢাকা চলো’ মহাসাবেশ সফল করার লক্ষ্যে প্রস্তুতি সভায় এ কথা বলেন। প্রায় দশ বছর আগে ২০০২ সালের ৯ মে সন্ত্রাসীদের গুলিতে ২০ মাস বয়সী শিশু নওশীনের মৃত্যুর পর ‘আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে’ মন্তব্য করে তীব্র সমালোচিত হয়েছিলেন আলতাফ, যিনি সে সময় চারদলীয় জোট সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন। বিএনপির ভাইস প্রেসিডেন্ট আলতাফ বলেন, “বর্তমানে দেশের অর্থনৈতিক অবস্থা এতই খারাপ যে, অলৌকিক কোন ঘটনা না ঘটলে সরকার আগামী ৬ মাস পর সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন দিতে পারবে না। মানুষ অওয়ামী লীগ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে।” নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে ১২ মার্চ ঢাকায় এই মহাসমাবেশ ডেকেছে বিএনপি। আলতাফ বলেন, “যেখানেই বাধা-সেখানেই লড়াই হবে। আর ছাড় দিতে রাজি না। যতই হত্যা-গুম করানো হোক না কেন আগামী জাতীয় নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হবে।” জামালপুর জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবীর তালুকদার শামীমের সভাপতিত্বে অন্যদের মধ্যে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা এএসএম আবদুল হালিম, আব্দুল কাইয়ুম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক পৌর মেয়র অ্যাডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুন, সাবেক স্বাস্থ্য উপমন্ত্রী সিরাজুল হক প্রমুখ সভায় বক্তব্য দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/২১৫০ ঘ.