২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিঙ্গাপুর পাঠানো হলো অসুস্থ পররাষ্ট্র সচিবকে

গুরুতর অসুস্থ পররাষ্ট্র সচিব মোহাম্মদ মিজারুল কায়েসকে সিঙ্গাপুর পাঠানো হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Mar 2012, 12:39 PM

Updated : 24 Aug 2022, 10:53 AM

ঢাকা, মার্চ ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গুরুতর অসুস্থ পররাষ্ট্র সচিব মোহাম্মদ মিজারুল কায়েসকে সিঙ্গাপুর পাঠানো হয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে মাউন্ট এলিজাবেথ হসপিটালের একটি এয়ার অ্যাম্বুলেন্স তাকে নিয়ে ঢাকা ছেড়ে যায়। সচিবের সঙ্গে তার স্ত্রীসহ আরো এক স্বজন রয়েছেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এম মোস্তফা কামাল রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ কথা জানান। এর আগে সিএমএইচের কমান্ডেন্ট ব্রিগেডিয়ার জেনারেল মেহবুবুল হক জানান, সচিবকে রাত পৌনে ১০টার দিকে সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) থেকে নিয়ে যাওয়া হয়। মিজারুল শ্বাসকষ্টে ভুগছেন। পাশাপাশি তার রক্তেও সংক্রমণ দেখা দিয়েছে। মেহবুবুল হক বলেন, “সম্পূর্ণ নিরাপদ থাকা নিশ্চিত করতে আমরা তাকে লাইফসাপোর্টে রেখেছি।” দুই দিন ধরে মন্ত্রণালয়ে দেখা যায়নি পররাষ্ট্র সচিবকে। মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, তিনি প্রথমে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলেন। বুধবার তাকে সিএমএইচে নেওয়া হয়। পররাষ্ট্র সচিবের অসুস্থতা নিয়ে উৎকণ্ঠা প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান। তিনি তার আশু রোগ মুক্তি কামনা করেছেন। মিজারুল ২০০৯ সালের ৮ অগাস্ট পররাষ্ট্র সচিব হিসেবে যোগ দেন। এর আগে রাশিয়া ও মালদ্বীপে রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআইএইচ/এসএসজেড/এমআই/পিডি/২২৪৭ ঘ.