ঢাকা, মার্চ ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রশাসনের একজন অতিরিক্ত সচিব ও নয়জন যুগ্ম-সচিবসহ ১৩ কর্মকর্তার পদে রদবদল হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয় বৃহস্পতিবার এ সংক্রান্ত পৃথক আদেশ জারি করে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত অতিরিক্ত সচিব মুজিবুর রহমান হাওলাদারকে একই মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে।
ওএসডি যুগ্ম-সচিব সাজ্জাদ কবীরকে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের পরিচালক, ড. এএফএম মনজুর কাদীরকে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের আইন উপদেষ্টা এবং শেখ মুজিবুর রহমানকে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের অতিরিক্ত পরিচালক পদে পদায়ন করা হয়েছে।
এ ছাড়া স¤প্রতি পদোন্নতি পেয়ে যুগ্ম-সচিব হওয়া বিভিন্ন জেলা পরিষদের ছয় প্রধান নির্বাহী কর্মকর্তাকে প্রত্যাহার করে ওএসডি করা হয়েছে। বিভিন্ন পদে কর্মরত তিন কর্মকর্তাকে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা নিয়োগের স্থানীয় সরকার বিভাগে ন্যস্ত করা হয়েছে।
ওএসডি হওয়া ছয় কর্মকর্তা হলেন- নেত্রকোণার মো. মহিউদ্দিন, দিনাজপুরের আব্দুল খালেক, ভোলার সৈয়দ নেছার আহমেদ রুমী, কুড়িগ্রামের ইব্রাহীম খলিল, চুয়াডাঙ্গার নেয়ামত উল্যাহ ভূঁইয়া এবং বরগুনার এমএম সুলতান মাহমুদ।
নতুন করে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তার দায়িত্ব পাওয়া কর্মকর্তারা হলেন- জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত উপসচিব কমলা রঞ্জন দাশ, গোপালগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) মতিউর রহমান এবং অর্থনৈতিক সম্পর্ক বিভাগের উপসচিব একেএম মাসুদুর রহমান।
স্থানীয় সরকার বিভাগ এসব কর্মকর্তাকে বিভিন্ন জেলায় প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে পদায়ন করবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এএল/১৭২৭ ঘ.
bdnews24