ঢাকা, মার্চ ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যাকাণ্ডের ঘটনায় সংবাদ প্রকাশের বিষয়ে আদালতের নির্দেশনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন সাংবাদিকরা।
সাগর-রুনির খুনিদের গ্রেপ্তার ও বিচার দাবিতে বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে প্রতীকী অনশন শেষে নতুন কর্মসূচি ঘোষণা করে ফেডারেশ সাংবাদিক ইউনিয়নের সভাপতি ইকবাল সোবহান চৌধুরী বলেছেন, এই ধরনের নির্দেশ মানতে সাংবাদিকরা প্রস্তুত নয়।
হত্যাকাণ্ডের ১৯ দিনেও খুনিদের চিহ্নিত কিংবা গ্রেপ্তারে পুলিশি ব্যর্থতার সমালোচনা করে সাংবাদিকরা প্রতিবাদ কর্মসূচি চালিয়ে আসছে।
এর মধ্যে একটি রিট আবেদনে মঙ্গলবার হাই কোর্ট এই হত্যাকাণ্ডের তদন্ত নিয়ে ‘মনগড়া’ কোনো প্রতিবেদন প্রকাশ না করতে বলেছে। এ ক্ষেত্রে ব্যবস্থা নিতে তথ্য সচিবকে নির্দেশ দেওয়া হয়েছে।
অনশনস্থলে বক্তব্যে প্রায় সব সাংবাদিক নেতাই হাই কোর্টের এই নির্দেশনার সমালোচনা করে।
সাংবাদিকদের চারটি সংগঠন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে), ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে), জাতীয় প্রেসক্লাব এবং ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) এই ঐক্যবদ্ধ কর্মসূচি পালিত হয়। ঢাকার মতো সারাদেশেও একই কর্মসূচি পালন করে সাংবাদিক সংগঠনগুলো।
আদালতের নির্দেশকে ‘অনভিপ্রেত’ উল্লেখ করে বিএফইউজের একাংশের সভাপতি ইকবাল সোবহান চৌধুরী বলেন, “এই সভা থেকে সুস্পষ্ট ভাষায় বলতে চাই, হাই কোর্টের এই ধরনের নির্দেশ মানতে প্রস্তুত নই আমরা।”
“আমরা শুধু জনগণের কাছে জবাবদিহি করব। অন্য কারো কাছে জবাবদিহি করতে প্রস্তুত নই,” বলেন তিনি।
প্রধান বিচারপতির উদ্দেশে ইকবাল সোবহান বলেন, “আপনার (প্রধান বিচারপতি) কাছে প্রশ্ন রাখতে চাই, দুই-এক জন বিচারকের ‘অনাকাক্সিক্ষত’ হস্তক্ষেপের জন্য যাতে সাংবাদিক ও বিচার বিভাগ মুখোমুখি অবস্থানে না দাঁড়ায়। এমন বিচারপতি থাকলে তার লাগাম টেনে ধারার দায়িত্ব আপনার মাননীয় বিচারপতি।”
“অতীতে আমরা বিচার বিভাগের স্বাধীনতার জন্য আন্দোলন করেছি। অথচ এই বিচার বিভাগই আমাদের স্বাধীনতার ওপর হস্তক্ষেপ করছে। এই হস্তক্ষেপ বরদাশত করা হবে না,” বলেন তিনি।
বিএফইউজের অন্য অংশের সভাপতি রুহুল আমিন গাজী বলেন, “আপনারা (আদালত) আপনাদের গণ্ডির মধ্যেই থাকেন। অতীতে যারাই হস্তক্ষেপ করেছে, তাদের হাত পুড়ে গেছে।”
জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি ও নিউজ টুডে সম্পাদক রিয়াজউদ্দিন আহমেদ সরকার, সংসদ ও আদালতকে উদ্দেশ্য করে বলেন, রাষ্ট্রযন্ত্রের ভেতর থেকে সাংবাদিকদের ওপর হামলা হলে তা কোনোভাবে মেনে নেওয়া হবে না।
“বিচার বিভাগ থেকে যদি কথা বলা বন্ধ করার চেষ্টা করা হয়, তবে সাংবাদিকরা মেনে নেব না। কনটেম্পট অফ কোর্টের কারণে যদি জেলে যেতে হয়, তবে আমরা সবাই একসঙ্গে জেলে যাব,” বলেন তিনি।
আদালত অবমাননার বিদ্যমান আইন বাতিলের দাবিও জানান রিয়াজউদ্দিন। নিরঙ্কুশ বাক স্বাধীনতার বিপক্ষে অবস্থান না নিতে সংসদের প্রতি আহ্বানও জানান তিনি।
রিয়াজউদ্দিন বলেন, পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি এবং ভয় ধরানোর জন্য এ সব করা হচ্ছে।
ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক মহাসচিব মঞ্জুরুল আহসান বুলবুল আদালতের উদ্দেশে বলেন, “এটা আপনারা করতে পারেন না। যারা যা কাজ তাই করতে হবে, অন্য কোথাও নাক গলাবেন না।”
আদালতের ভূমিকায় ক্ষোভ প্রকাশ করে সাংবাদিক নেতা বদিউজ্জামান বলেন, “আদালতের লিমিট জানা উচিত, উনি কোথায়, কতটুকু হাত বাড়াবেন, তা উনার জানা উচিত।”
বিএফইউজের ভারপ্রাপ্ত মহাসচিব এম আবদুল্লাহ বলেন, হাই কোর্টের এই ধরনের নির্দেশ গণমাধ্যমের ওপর ‘খবরদারিমূলক’।
ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি সাখাওয়াত হোসেন বাদশা বলেন, “সংবিধানে জনগণের অধিকার সংরক্ষণ করার কথা বলা হয়েছে। আপনারা (আদালত) আমার অধিকারের বিপক্ষে কথা বললে তা সংবিধানের বিপক্ষে কথা বলার শামিল হবে। এমন কিছু বলবেন না, যাতে সাংবাদিকরা ক্ষুব্ধ হয়।”
ডিইউজের সাবেক দপ্তর সম্পাদক এম এ নোমান বলেন, “হাই কোর্টের বিচারপতিরা ধোয়া তুলসিপাতা নন। কুড়ি টাকা ঘুষ খাওয়ার দায়ে বিচারকের চাকরি যাবার নজিরও এদেশে আছে।”
লেখক-কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ বলেন, তথ্য সচিবকে ব্যবস্থা নিতে বলার মাধ্যমে গণমাধ্যমের স্বাধীনতা হরণের পাঁয়তারা চলছে।
গত ১১ ফেব্রুয়ারি ভোররাতে রাজধানীর পশ্চিম রাজাবাজারের বাসায় খুন হন মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর এবং তার স্ত্রী এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক রুনি।
হত্যাকারীদের বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য এখনো দিতে পারেনি পুলিশ। শুধু কয়েকদিন আগে বলেছে, তারা হত্যাকাণ্ডের কারণ ‘মোটামুটি’ নিশ্চিত হয়েছেন।
হত্যকারীদের চিহ্নিত করে গ্রেপ্তার, সুষ্ঠু তদন্ত ও বিচার এবং সাংবাদিক নির্যাতন বন্ধে ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার অনশন কর্মসূচি পালিত হয়। এর আগে ২৭ ফেব্রুয়ারি এক ঘণ্টা কর্মবিরতি পালন করা হয়। তার আগে ২২ ফেব্রুয়ারি সমাবেশ করে সাংবাদিকরা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএসটি/এমআই/২০০৩ ঘ.
bdnews24