ঢাকা, মার্চ ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যাকারীদের চিহ্নিত করে গ্রেপ্তার ও বিচার দাবিতে পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী জাতীয় প্রেসক্লাব চত্বরে প্রতীকী অনশন করেছেন সাংবাদিকরা।
বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এই কর্মসূচি চলে। ঢাকার পাশাপাশি সারাদেশে সাংবাদিকরা একই কর্মসূচি পালন করেন।
গত ২৭ ফেব্রুয়ারি এক ঘণ্টা কর্মবিরতির পর ১৯ দিনেও সাগর-রুনি হত্যাকারীদের চিহ্নিত কিংবা গ্রেপ্তারের কোনো তথ্য না পাওয়ায় প্রতীকী অনশনে বসেন সাংবাদিকরা।
সাংবাদিক দম্পতিসহ সব সাংবাদিক হত্যার সুষ্ঠু তদন্ত ও বিচার এবং নির্যাতন বন্ধে সাংবাদিকদের চারটি সংগঠন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে), ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে), জাতীয় প্রেসক্লাব এবং ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) এই কর্মসূচির ডাকে ঐক্যবদ্ধভাবে সাংবাদিকরা কর্মসূচি পালন করেছেন।
অনশন চলাকালে কলামনিস্ট সৈয়দ আবুল মকসুদ, জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি রিয়াজউদ্দিন আহমেদ, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুলসহ সাংবাদিক নেতারা বক্তব্য রাখেন।
সাগর-রুনির হত্যাকারীরা এত দিনেও গ্রেপ্তার না হওয়ায় তারা ক্ষোভ প্রকাশ করেন। পাশাপাশি এনিয়ে হাই কোর্টের নির্দেশনায় ক্ষোভ প্রকাশ করেন তারা।
এদিকে একটি রিট আবেদনে মঙ্গলবার হাই কোর্ট এই হত্যাকাণ্ডের তদন্ত নিয়ে ‘মনগড়া’ কোনো প্রতিবেদন না প্রকাশের কথা বলেছে। এ ক্ষেত্রে ব্যবস্থা নিতে তথ্য সচিবকে নির্দেশ দেওয়া হয়েছে। তদন্তে সুনির্দিষ্ট অগ্রগতি ছাড়া প্রিন্ট ও ইলেকট্রনিক মাধ্যমে পুলিশকে কোনো বক্তব্য না দিতে বলা হয়েছে।
অনশন কর্মসূচিতে ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের দুই অংশের সভাপতি ইকবাল সোবহান চৌধুরী ও রুহুল আমিন গাজী, ঢাকা সাংবাদিক ইউনিয়নের একাংশের সভাপতি আব্দুস শহীদ, অন্য অংশের সাধারণ সম্পাদক শাবান মাহমুদ, জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমেদ, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি সাখাওয়াত হোসেন বাদশা, সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান তপুসহ সাংবাদিক নেতারাও বক্তব্য রাখেন।
ইকোনমিক রিপোর্টার্স ফোরাম, ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনসহ সাংবাদিকদের অন্য সংগঠনগুলোও এই কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করে।
গত ১১ ফেব্রুয়ারি ভোররাতে রাজধানীর পশ্চিম রাজাবাজারের বাসায় খুন হন মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর এবং তার স্ত্রী এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক রুনি।
হত্যাকারীদের বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য এখনো দিতে পারেনি পুলিশ। শুধু কয়েকদিন আগে বলেছে, তারা হত্যাকাণ্ডের কারণ ‘মোটামুটি’ নিশ্চিত হয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১১২৫ ঘ.
bdnews24