ঢাকা, ফেব্রুয়ারি ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বইমেলার শেষ দিন মেলা চত্বরে ছিলো পাঠকদের উপচেপড়া ভিড়। যারা এসেছেন তাদের প্রায় সবাই বই কিনে ফিরেছেন।
ব্যস্ততার কারণে যারা এতোদিন মেলায় আসতে পারেননি তারাও শেষবেলায় ঢুঁ মেরে গেছেন মেলায়।
কাকলী প্রকাশনীর সামনে কথা হলো বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অনিমেষ রায়ের সঙ্গে। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বইমেলা এবছরের মতো শেষ হয়ে যাচ্ছে তাই শেষ বারের মতো এলাম। কয়েকটি উপন্যাস আর কবিতার বই কিনেছি।”
কেনাকাটায় প্রচণ্ড ব্যস্ত দেখা গেল শাহরিমা সিফাত নামে এক পাঠককে।
তিনি বলেন, “আসলে বছরের এ সময়টাতেই মূলত বই কেনা হয়। এক সঙ্গে অনেক রকমের বই পাওয়া যায়। তাই শেষ বারের মতো সুযোগ কাজে লাগানোর একটি চেষ্টা।”
বড়দের মতো বই কিনতে দেখা গেলো ক্ষুদে পাঠকদেরও। ক্ষুদে পাঠক ইসরাত মুনিরা বলেন, “জাফর ইকবালের ‘রুপ রুপালী’ কিনেছি। মেলায় ভালো লাগছে।”
এবারের বিক্রি ২৬ কোটি টাকা
এবারের বইমেলায় মোট বিক্রি প্রায় ২৬ কোটি টাকা বলে জানান মেলা পরিচালনা কমিটির সদস্য সচিব শাহিদা খাতুন। বুধবার বিকালে মেলার রূলমঞ্চে সমাপনী অনুষ্ঠানে মেলার প্রতিবেদনে তিনি এ কথা বলেন।
মেলা আয়োজক বাংলা একাডেমীর সভাপতি অধ্যাপক আনিসুজ্জামানের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আবুল কালাম আজাদ, সংস্কৃতি প্রতিমন্ত্রী প্রমোদ মানকিন, একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান প্রমুখ।
বাংলা একাডেমী নিজস্ব প্রকাশনার বিক্রি ৮২ লক্ষ ৫৩ হাজার ছয়শ ১০ টাকা বলে জানান শাহিদা।
বইমেলায় বিক্রেতারা শতকরা ২৫ ভাগ কমিশনে বই বিক্রি করলেও বাংলা একাডেমী বিক্রি করে থাকে ৩০ ভাগ কমিশনে।
এবারের বইমেলায় ৬৩০টি ইউনিটে ৪২৫টি প্রতিষ্ঠান অংশ নেয়। এর মধ্যে বাণিজ্যিক প্রতিষ্ঠান, সরকারি প্রতিষ্ঠান, এনজিও, গণমাধ্যম, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন এবং ডিজিটাল প্রকাশনা প্রতিষ্ঠান রয়েছে। এছাড়াও ৪৪টি ক্ষুদ্র প্রতিষ্ঠানকে তাদের প্রকাশনা প্রদর্শন ও বিক্রয়ের জন্যও স্থান করে দেওয়া হয়।
মেলা পরিচালনা কমিটির সদস্য সচিব জানান, ব্যক্তি উদ্যোগে প্রকাশিত বইগুলো জাতীয় গ্রন্থকেন্দ্রের স্টলে বিক্রির সুযোগ করে দেওয়া হয়। এছাড়া প্রবাসী লেখকদের বই প্রদর্শন ও বিক্রির জন্য ছিলো পৃথক ব্যবস্থা।
তিনি বলেন, “বাংলা একাডেমী ২০১০ সাল থেকে লন্ডনেও বইমেলার আয়োজন করে আসছে। গতবছর থেকে সেখানে ‘বাংলা একাডেমি প্রবাসী লেখক পুরস্কার’ প্রবর্তন করা হয়।
২০১১ সালে প্রবাসী লেখক পুরস্কার দেওয়া হয় কাদের মাহমুদকে।
বইমেলায় এবছরের সেরা মানের বই হিসাবে ক্লিন্টন বি সিলির লেখা এবং ফারুক মইনুদ্দীনের অনুবাদ করা ‘অনন্য জীবনানন্দ’ বইটিকে চিত্তরঞ্জন সাহা স্মৃতি পুরস্কারে ভূষিত করা হয়। বইটি প্রকাশ করে প্রথমা।
সবচেয়ে বেশি মানসম্মত বই প্রকাশে জন্য ইত্যাদি গ্রন্থ প্রকাশ, মাওলা ব্রাদার্স ও বিদ্যপ্রকাশকে মুনীর চৌধুরী স্মৃতি পুরস্কার দেওয়া হয়।
বইমেলা নিয়ে সৃজনশীল প্রতিবেদনের জন্য শহীদ সিরাজুদ্দীন হোসেন স্মৃতি পুরস্কার দেওয়া হয় দৈনিক সমকালের সুমন্ত আসলামকে।
গ্রন্থমেলার সাজ-সজ্জা ও অবকাঠামো নির্মাণের জন্য প্রাইম ব্যাংক লিমিটেডকে সম্মাননা স্মারক এবং ইভেন্ট ম্যানেজমেন্টের জন্য আপন কমিউনিকেশনকেও সম্মাননা স্মারক দেওয়া হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএমআর/এএইচএ/পিডি/২৩৫৮ ঘ.
bdnews24