চাঁদপুরে, ফেব্রুয়ারি ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁদপুরের কচুয়া উপজেলায় স্ত্রীকে মারধরের পর এসিডে ঝলসে দেওয়ার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে।
বিতারা ইউনিয়নের দক্ষিণ শাসনমেঘ গ্রামে মঙ্গলবার রাতে এ ঘটনায় আহত হন গৃহবধূ নাজমা আক্তার (২১)। বুধবার তাকে চাঁদপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নাজমার অভিযোগ, তার স্বামী খোকন পাটওয়ারী (২৮) প্রায় সময় যৌতুকের দাবিতে তাকে নির্যাতন করত। মঙ্গলবার রাতে এ নিয়ে দু’জনের মধ্যে বাকবিতণ্ডার এক পর্যায়ে স্বামী খোকন ও ভাসুর লোকমান মিলে তাকে মারধর করে এবং পরে তার গায়ে এসিড নিক্ষেপ করে।
সঙ্গে সঙ্গে তাকে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। বুধবার দুপুরে তাকে চাঁদপুর জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
নাজমার বাবা রিকশা শ্রমিক আব্দুর রহিম বলেন, পাঁচ বছর আগে খোকনের সঙ্গে নাজমার বিয়ে হয়। বিয়ের পর বেশ কয়েকবার নাজমার উপর খোকন নির্যাতন চালায় বলে তিনি অভিযোগ করেন।
এই ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলে জানালেন নাজমার পিতা।
চাঁদপুর জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা কামরুল হাসান বলেন, এসিডদগ্ধ মেয়েটির অবস্থা এখন কিছুটা ভালো। সুস্থ হতে সময় লাগবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১১২ ঘ.
bdnews24