ঢাকা, ফেব্রুয়ারি ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-কারওয়ান বাজারে ঢাকা সিটি কর্পোরেশনের (ডিসিসি) গাড়ি পার্কিংয়ের জায়গায় নির্মিত দোকানের অবকাঠামো ৬০ দিনের মধ্যে ভাঙতে বলেছে হাই কোর্ট।
বুধবার বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি জাহাঙ্গীর হোসেনের বেঞ্চ একটি রিট আবেদনের শুনানি শেষে এই রায় দেয়।
এ সংক্রান্ত রুল চূড়ান্ত করে আদালত রায়ে ওই জায়গায় অবকাঠামো নির্মাণের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে।
ঢাকা সিটি কর্পোরেশন, কর্পোরেশনের সচিব, প্রধান ভূমি কর্মকর্তা, প্রধান প্রকৌশলী, নির্বাহী প্রকৌশলীকে এই নির্দেশনা বাস্তবায়ন করতে বলা হয়েছে।
২০১০ সালের ৩ এপ্রিল মানবাধিকার ও পরিবেশবাদী সংগঠন ‘হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশে’র করা রিট আবেদনের পরিপ্রেক্ষিতে ১২ এপ্রিল হাই কোর্ট এ বিষয়ে রুল দিয়েছিল।
ওই আবেদনে ইংরেজি দৈনিক ডেইলি স্টারের একটি প্রতিবেদন সংযুক্ত করে দেওয়া হয়।
‘কার পার্কড লস্ট টু মার্কেট’ শিরোনামের ওই প্রতিবেদনে বলা হয়, কারওয়ান বাজারে দ্বিতীয় মার্কেটের পূর্ব পাশে গাড়ি পার্কিংয়ের জায়গা ছিল। দোকান নির্মাণ শুরুর আগে সেখানে ৪০টি গাড়ি রাখা যেত।
প্রতিবেদনে আরো বলা হয়, ওই জায়গায় ১২১টি দোকান নির্মাণের পরিকল্পনা করা হয়েছে। যার কাজ প্রায় শেষের দিকে।
আদালতে রিট আবেদনকারীর পক্ষে অ্যাডভোকেট মনজিল মোরসেদ ও রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ বি এম আলতাফ হোসেন শুনানি করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/আরএম/পিডি/২১১০ ঘ.
bdnews24