ঢাকা, ফেব্রুয়ারি ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারতে বিভিন্ন কারাগারে প্রায় দুই হাজার তিনশ বাংলাদেশি বন্দি রয়েছেন বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি।
তিনি বলেছেন, এদের ফিরিয়ে আনার ব্যাপারে সরকার সচেতন।
“বাংলাদেশিদের ফিরিয়ে আনা দূতাবাসগুলোর প্রধান কাজগুলোর একটি।”
বুধবার সংসদ অধিবেশনে ক্ষমতাসীন দলের সাংসদ নুরুন্নবী চৌধুরীর এক প্রশ্নের উত্তরে এ তথ্য জানান তিনি।
বিএনপি দলীয় সাংসদ নিলোফার চৌধুরী মনির এক প্রশ্নের উত্তরে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ছিটমহল বিনিময় ভারতের সঙ্গে বাংলাদেশের দীর্ঘদিনের একটি সমস্যা।
তিনি জানান, স্থলসীমা চুক্তি বাংলাদেশ অনুমোদন করলেও ভারত তা করেনি।
দুই দেশের অনুমোদনের পর চুক্তিটি কার্যকর হবে বলে জানান তিনি।
সরকারদলীয় সাংসদ তারানা হালিমের এক প্রশ্নের জবাবে দীপু মনি জানান, টেকনাফ ও উখিয়ায় বিভিন্ন শরণার্থী শিবিরে ২৯ হাজার একশ ৫২ জন রোহিঙ্গা বসবাস করছে।
ক্ষমতাসীন দলের সাংসদ ফজিলাতুন নেসা বাপ্পির এক প্রশ্নের জবাবে পরিকল্পনামন্ত্রী এ কে খন্দকার বলেন, ষষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পনার লক্ষ্য ২০১৫ সালের মধ্যে আট শতাংশ প্রবৃদ্ধি অর্জন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/পিডি/২২০৫ ঘ.
bdnews24