ঢাকা, ফেব্রুয়ারি ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকার সমর্থক ও সরকারবিরোধীদের সমর্থক সাংবাদিকদের প্রধান সংগঠনের নেতারা এক বিবৃতিতে সাগর-রুনি হত্যা নিয়ে উচ্চ আদালতের মন্তব্য ও নির্দেশে ক্ষুব্ধ হয়েছেন বলে জানিয়েছেন।
বিভক্ত বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে), জাতীয় প্রেসক্লাব ও ঢাকা রিপোর্টার্স ইউনিটিা (ডিআরইউ) পক্ষে ডিআরইউ’র সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান তপু স্বাক্ষরিত এক বিবৃতিতে এ কথা জানিয়ে বলা হয়েছে, “হাই কোর্ট তথ্য সচিবকে যে নির্দেশ দিয়েছেন তা প্রকারান্তরে গণমাধ্যমের উপর সেন্সরশিপ হিসেবে পরিগণিত হওয়ার আশঙ্কা রয়েছে।”
খুনিদের গ্রেপ্তারে পুলিশের ব্যর্থতা নিয়ে একটি আবেদনে মঙ্গলবার আদালত বলেছে, “হত্যাকাণ্ড তদন্তে ভুল বা অবহেলা দেখা যায়নি। কিছু সংখ্যক রাজনীতিক তদন্তকে বাধাগ্রস্ত করতে দায়িত্বজ্ঞানহীন মন্তব্য করছেন।”
আবেদনের পরিপ্রেক্ষিতে তথ্যসচিব ও পুলিশের প্রতি নির্দেশ তদন্তে সুনির্দিষ্ট অগ্রগতি ছাড়া প্রিন্ট ও ইলেকট্রনিক মাধ্যমে পুলিশকে কোনো বক্তব্য না দিতে বলে আদালত।
হত্যাকাণ্ড নিয়ে ‘মনগড়া সংবাদ প্রকাশ’ না করতে ২৪ ঘণ্টার মধ্যে ব্যবস্থা নিতে তথ্য সচিবকে নির্দেশ দেওয়া হয়।
বিএফইউজে’র আওয়ামী লীগ সমর্থিত অংশের সভাপতি ইকবাল সোবহান চৌধুরী ও বিএনপি-জামায়াত সমর্থক অংশের সভাপতি রুহুল আমিন গাজী, বিএফইউজে’র আওয়ামী লীগ সমর্থক অংশের মহাসচিব আবদুল জলিল ভূঁইয়া ও বিএনপি-জামায়াত অংশের ভারপ্রাপ্ত মহাসচিব এম আবদুল্লাহ, ডিইউজে বিএনপি সমর্থক অংশের সভাপতি সভাপতি আবদুস শহিদ ও আওয়ামী লীগ সর্মথক অংশের সভাপতি ওমর ফারুক, ডিইউজে বিএনপি সমর্থক অংশের সাধারণ সম্পাদক মুহাম্মদ বাকের হোসাইন ও আওয়ামী সমর্থক অংশের সাধারণ সম্পাদক শাবান মাহমুদ, জাতীয় প্রেসক্লাব সভাপতি কামাল উদ্দিন সবুজ ও সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমদ, ডিআরইউ সভাপতি সাখাওয়াত হোসেন বাদশা ও সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান তপু বিবৃতিতে স্বাক্ষর করেন।
এতে আরো বলা হয়, “এ ধরণের উদ্যোগ গণমাধ্যমের স্বাধীনতাকে ব্যহত করবে। ইতিমধ্যে জাতীয় সংসদে অবাধ তথ্য অধিকার আইন পাস করা হয়েছে এবং তথ্য কমিশন গঠিত হয়েছে। জাতীয় সংসদ অনুমোদিত আইন অনুযায়ী প্রেস কাউন্সিল কার্যকরও আছে। সে সময় এ ধরণের কোনো নির্দেশ অনাকাক্সিক্ষত ও অনভিপ্রেত।”
সাংবাদিক নেতারা বিবৃতিতে বলেন, “আমরা আদালতের স্বাধীনতায় যেমন বিশ্বাসী, তেমনিভাবে যে কোনো অবস্থায় সংবিধান অনুযায়ী গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় বদ্ধ পরিকর।”
ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান তপু স্বক্ষরিত বিবৃতিতে, সরকারের মন্ত্রী, বিরোধী রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও আইন-শৃঙখলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাদের এই সাংবাদিক দম্পতি হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও বিচারকে ব্যাহত অথবা ভিন্নখাতে প্রবাহিত করতে পারে এমন কোনো বক্তব্য, মন্তব্য না দেওয়ার জন্যও অনুরোধ জানানো হয়।
গত ১১ ফেব্রুয়ারি ভোররাতে রাজধানীর রাজাবাজারের বাসায় খুন হন মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সরওয়ার এবং এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনি।
গণঅনশন
বিএফইউজে, ডিইউজে, জাতীয় প্রেসক্লাব ও ডিআরইউ নেতৃবৃন্দ সাংবাদিক দম্পতিসহ সব সাংবাদিক হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক বিচার, সাংবাদিক নির্যাতন বন্ধ এবং গণমাধ্যমের স্বাধীনতার দাবিতে পহেলা মার্চ জাতীয় প্রেসক্লাব চত্বরে সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত পূর্ব নির্ধারিত অনশন কর্মসূচি পালন করবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএসটি/পিডি/২১০১ ঘ.
bdnews24