ঢাকা, ফেব্রুয়ারি ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বর্ষার আগে সড়ক সংস্কারের কাজ শেষ করতে সড়ক ও জনপথ অধিদপ্তরের সব অফিস আগামী তিন মাস সাপ্তাহিক ছুটির দিনেও খোলা রাখা হবে বলে জানিয়েছেন যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের।
বুধবার ঢাকা-সিলেট মহাসড়ক পরিদর্শনকালে তিনি এ কথা জানান।
মন্ত্রী বলেন, “নতুন সড়ক নির্মাণ না করে বিদ্যমান সড়ক সংরক্ষণ ও সড়ক নেটওয়ার্ক সার্বক্ষণিক সচল রাখাকেই অগ্রাধিকার দেওয়া হবে। এজন্য আগামী তিন মাস আমরা ছুটি নেবো না, মাঠেই থাকবো। কেন্দ্রীয় এবং মাঠ পর্যায়ের সব অফিস সাপ্তাহিক ছুটির দিনেও খোলা থাকবে।”
আগামী এক বছরের মধ্যে যোগাযোগ মন্ত্রণালয়ের বেশকিছু কাজ ‘দৃশ্যমান’ হবে বলেও জানান তিনি।
এর আগে ঢাকা-সিলেট মহাসড়কের দুর্ঘটনাপ্রবণ এলাকা মন্ত্রী পরিদর্শন করেন। এ সময় নরসিংদীর ইটাখোলা মোড়ে সাংবাদিকদের তিনি বলেন, এক মাসের মধ্যেই ইটাখোলা-মোটাখালী সড়কের চলমান সংস্কার কাজ শেষ হবে।
একই দিন মন্ত্রী ঢাকা-সিলেট মহাসড়কের মাধবদিবাজার বাসস্ট্যান্ড, বাগহাটা মোড় এবং কারার চর মোড় পরিদর্শন করে এসব সড়ক প্রশস্ত করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/এএল/২০১৩ ঘ.
bdnews24