২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাটোর বার নির্বাচন: আংশিক ফল বাতিলে মামলা

নাটোর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক ও নিরীক্ষণ সম্পাদক পদের ফল বাতিল চেয়ে মামলা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Feb 2012, 01:53 PM

Updated : 24 Aug 2022, 10:52 AM

নাটোর, ফেব্রুয়ারি ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নাটোর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক ও নিরীক্ষণ সম্পাদক পদের ফল বাতিল চেয়ে মামলা হয়েছে। বুধবার নাটোর সদর জ্যেষ্ঠ সহকারী জজ আদালতে এ ব্যাপারে দু’টি পৃথক মামলা করেন প্রসাদ কুমার তালুকদার ও আঞ্জুয়ারা পারভীন। বিচারক এস এম নুরুল ইসলাম মামলা দু’টি আমলে নিয়ে নোটিশ পাওয়ার ২৪ ঘণ্টার মধ্যে বিবাদীদের কারণ দর্শানোর নির্দেশ দেন। একই সঙ্গে প্রধান নির্বাচন কমিশনারকে পাঁচ দিনের মধ্যে নির্বাচন সংশ্লিষ্ট কাগজপত্র আদালতে জমা দেওয়ারও নির্দেশ দেন। মামলায় বিবাদীরা হলেন নির্বাচন-২০১২ এর প্রধান নির্বাচন কমিশনার মো. আনোয়ার হোসেন, কমিশনার আতাউর রহমান, আহাদ আলী, রনজিৎ কুমার সরকার, সুলতান মাহমুদ ও সদ্য বিজয়ী সাধারণ সম্পাদক আব্দুল কাদের ও নিরীক্ষণ সম্পাদক মো. জালাল উদ্দিন। মামলার নথি থেকে জানা যায়, নির্বাচন কমিশনের নির্দেশনা মতে ভোট দিতে হয় ‘ক্রস’ চিহ্নের মাধ্যমে। কিন্তু গত ২৩ ফেব্রুয়ারি ভোট গ্রহণের সময় দু’জন ভোটার ‘টিক’ চিহ্ন দিয়ে আব্দুল কাদের ও মো. জালাল উদ্দিনকে ভোট দেন। এই দুই প্রার্থীর প্রত্যেককে এক ভোটের ব্যবধানে নির্বাচিত ঘোষণা করে কমিশন। বাদীর দাবি, এই দু’টি ভোট কমিশন বাদ না দিয়ে ফলাফল ঘোষণা করেছেন। অথচ ওই দুটি ভোট বাতিল করা হলে বাদীরা নির্বাচিত হতে পারতেন। এ ব্যাপারে প্রধান নির্বাচন কমিশনার মো. আনোয়ার হোসেন বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মামলার কোনো কাগজপত্র এখনো পাইনি। পেলে আইনানুগ পদক্ষেপ নেওয়া হবে। সাধারণ সম্পাদক প্রার্থী প্রসাদ কুমার তালুকদার বলেন, “নির্বাচন কমিশন নিজেদের আইনই লংঘন করেছে। তাই আইনের আশ্রয় নিয়েছি।” সদ্য নির্বাচিত সাধারণ সম্পাদক আব্দুল কাদের বলেন, “নির্বাচন কমিশন যে সিদ্ধান্ত দিয়েছে আমি তা মেনে নিয়েছি।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৯৪৬ ঘ.