২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইটিভি’র সঞ্চালক-আলোচককে সতর্ক করলো হাই কোর্ট

ভবিষ্যতের জন্য সর্তক করে দিয়ে একুশে টেলিভিশনের (ইটিভি) একটি আলোচনা অনুষ্ঠানের দুই আলোচক ও সঞ্চালককে আদালত অবমাননার অভিযোগ থেকে অব্যাহতি দিয়েছে হাই কোর্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Feb 2012, 01:28 PM

Updated : 24 Aug 2022, 10:52 AM

ঢাকা, ফেব্রুয়ারি ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভবিষ্যতের জন্য সর্তক করে দিয়ে একুশে টেলিভিশনের (ইটিভি) একটি আলোচনা অনুষ্ঠানের দুই আলোচক ও সঞ্চালককে আদালত অবমাননার অভিযোগ থেকে অব্যাহতি দিয়েছে হাই কোর্ট। বুধবার বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি জাহাঙ্গীর হোসেনের বেঞ্চ একটি রুলের নিষ্পত্তি করে এ আদেশ দেয়। গত অগাস্টে প্রচারিত ‘একুশের রাত’ শিরোনামের ওই অনুষ্ঠানে আলোচক হিসাবে ছিলেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আহমেদ আযম খান ও বাসদের কেন্দ্রীয় নেতা রাজেকুজ্জামান রতন। সঞ্চালক ছিলেন অঞ্জন রায়। আদালত বলেছে, ভবিষ্যতে ‘টকশোতে’ এ ধরনের বক্তব্য দেওয়ার ক্ষেত্রে তাদেরকে সতর্ক থাকতে হবে। আইনের শাসন, ন্যায় বিচার ও বিচার বিভাগের স্বাধীনতাকে হেয় করে- এমন কোন কথা বলা যাবে না। ভবিষ্যতে এর ব্যতিক্রম হলে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। বিবাদীর পক্ষে শুনানিতে ড. কামাল হোসেন বলেন, “বিচার বিভাগকে হেয় করার জন্য ইচ্ছাকৃতভাবে ওই টকশোতে কোন কথা বলা হয়নি। আলোচনার মধ্যে এ ধরনের কোন কথা চলে আসে, তাহলে তা উদারতার সঙ্গে দেখতে হবে।” “সংবিধান হচ্ছে আমাদের অন্যতম শ্রেষ্ঠ অর্জন। বিচার বিভাগ ও সংবাদপত্রের স্বাধীনতা এই সংবিধানে নিশ্চিত করা হয়েছে। কোন অবস্থাতেই এরা যাতে একে অপরেরর বিরুদ্ধে চলে না যায়, সে বিষয়টি আদালতে দেখতে হবে”, যোগ করেন তিনি। গত বছরের ১০ অগাস্ট এক স্বতপ্রণোদিত রুল জারি করে আদালত ‘একুশের রাতের’ দুই আলোচক ও সঞ্চালককে তলব করে। রুলে তাদের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ কেন আনা হবে না- তা জানতে চাওয়া হয়। পরে ওই আদালতের সরকারি আইন কর্মকর্তা ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবিএম আলতাফ হোসেন সাংবাদিকদের বলেছিলেন, একুশের রাতে বিচারকদের সম্পর্কে কটুক্তি করা হয়েছে। মুফতি আমিনীর মামলার শুনানি নিয়ে বলা হয়েছে, বিচারপতিরা নদীর রচনা লিখতে গিয়ে গরুর রচনা লিখে ফেলেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/এএল/১৯৩১ ঘ.