ঢাকা, ফেব্রুয়ারি ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হিজরাদের পুনর্বাসন এবং তাদের জন্য মূলধারার শিক্ষা ব্যবস্থা নিশ্চিত করতে বলেছে সংসদীয় স্থায়ী কমিটি।
বুধবার সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে এ সুপারিশ আসে।
সংসদ সচিবালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, হিজরাদের পাশাপাশি দেশের বেদেদের সমাজের মূলধারায় অন্তর্ভুক্ত করতে শিক্ষা, প্রশিক্ষণ এবং পুনর্বাসনের ব্যবস্থা করার জন্য মন্ত্রণালয়কে পদক্ষেপ নেওয়ার সুপারিশ করা হয়েছে।
বৈঠকে জোট সরকারের আমলে প্রণীত বয়স্ক ও বিধবা ভাতার তালিকা দ্রুত যাচাই করে কমিটির পরবর্তী বৈঠকে উপস্থাপনেরও সুপারিশ এসেছে।
এ ছাড়া দেশের সাধারণ এলাকার তুলনায় নদী উপকূলবর্তী ও হাওর এলাকার জনগণের সাহায্যের জন্য দেড়গুণ ভাতা বা সুযোগ সুবিধা বাড়ানোর প্রস্তাব প্রধানমন্ত্রীর নজরে আনার জন্য মন্ত্রণালয়কে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ারও সুপারিশ করা হয় ওই বৈঠকে।
কমিটির সভাপতি মো. মোজাম্মেল হোসেনের সভাপতিত্বে অন্যদের মধ্যে সদস্য সৈয়দা জেবুন্নেছা হক, আব্দুল মোমিন তালুকদার, নূরুন্নবী চৌধুরী ও অপু উকিল বৈঠকে উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/আরএম/এএল/১৮৫৬ ঘ.
bdnews24