নুরুল ইসলাম হাসিব
জনস্বাস্থ্য বিষয়ক প্রতিবেদক
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
ঢাকা, ফেব্রুয়ারি ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ধূমপানের কুফল থেকে দেশের মানুষকে বাঁচাতে কঠোর তামাকবিরোধী আইন প্রণয়নের প্রায় আড়াই বছরের প্রচেষ্টা ভেস্তে যেতে বসেছে একটি শীর্ষস্থানীয় সিগারেট কোম্পানির জোরালো তদবিরের কারণে।
অর্থ মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট অন্যান্য সংস্থার ছাড়পত্র পাওয়ার পর গত ১৯ ডিসেম্বরের মন্ত্রিপরিষদের বৈঠকে তামাক বিরোধী আইন-২০০৫ এর সংশোধনীর খসড়া ওঠানোর কথা ছিল স্বাস্থ্য মন্ত্রণালয়ের। কিন্তু তা আর মন্ত্রিসভায় ওঠেনি।
এ কাজের দায়িত্বে থাকা উপ-সচিব আজম-ই-সাদাত পরে জানান, অর্থ মন্ত্রণালয় খসড়াটি ফেরত চেয়ে পাঠিয়েছে।
অর্থ মন্ত্রণালয় গত বছরের জুলাইয়ে খসড়াটি অনুমোদন করেও আবার তা ফেরত নিল কেন- তার কারণ অনুসন্ধান করতে গিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জানতে পেরেছে, ব্রিটিশ আমেরিকান টোবাকো কোম্পানির বাংলাদেশের (বিএটিবি) কর্মকর্তারা মন্ত্রিসভায় খসড়াটি ওঠার আগের দিন অর্থমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন।
বহুজাতিক এই সিগারেট কোম্পানি অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সঙ্গে দেখা করে একটি চিঠি দিয়েছে বলে জানিয়েছেন অর্থ মন্ত্রণালয়ের এক কর্মকর্তা, যার অনুলিপি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম পেয়েছে।
ওই চিঠিতে বলা হয়েছে, যদি আইনটি পাস হয়, তবে সরকার রাজস্ব হারাবে।
অর্থমন্ত্রী ওই চিঠির পরিপ্রেক্ষিতে একটি নোট লিখে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানকে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নিতে বলেন। মুহিত জানতে চান, কাদের উদ্যোগে এই সংশোধনীটি আনা হয়েছে।
এ বিষয়ে তাৎক্ষণিকভাবে মন্ত্রীর বক্তব্য পাওয়া যায়নি।
খসড়া এই আইনে জরদা, সাদা পাতা ও গুলের মতো পণ্যও তামাক পণ্যের আওতায় আনা হয়েছে। আইনে সিগারেটের প্যাকেটের ৫০ শতাংশেই ছবিসহ স্বাস্থ্যঝুঁকির কথা উল্লেখ রাখার বাধ্যবাধকতার কথা বলা হয়েছে। রাখা হয়েছে রেস্তোরাঁগুলোকে ধূমপানমুক্ত রাখার বিধানও।
খসড়া আইনে ব্যক্তিক্ষেত্রে নিয়ম ভাঙার জরিমানা ৫০ টাকা থেকে ৫০০ টাকা করা হয়েছে। কোম্পানির ক্ষেত্রে আইন ভাঙলে ১০ লাখ টাকা জরিমানার বিধান প্রস্তাব করা হয়েছে।
কঠোর তামাকবিরোধী আইন রোধে সিগারেট কোম্পানিগুলোর কাছ থেকে এ ধরনের চাপ আসাটা অস্বাভাবিক নয় বলে মনে করেন তামাকবিরোধী আন্দোলনকারীরা।
তামাকমুক্ত শিশুর জন্য কর্মসূচির সমন্বয়ক তায়ফুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এই সবই আমরা মোকাবেলা করে আসছি।”
তিনি বলেন, “খসড়া সংশোধনীটি পাশ করলেই যে সরকারের রাজস্ব কমে যাবে যাবে তা নয়, এটা কমতে কয়েক বছর লাগবে। কারণ ধূমপায়ীরা এই আইনের কারণে এক রাতের মধ্যেই অভ্যাস ত্যাগ করবে না।”
আইনটি পাস করার বিষয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন তায়েফুল।
বিএটিবি অর্থমন্ত্রীকে দেওয়া চিঠিতে দাবি করেছে, তারা বছরে ৭ হাজার ৩৩০ কোটি টাকা রাজস্ব দেয়। স্থানীয় সিগেরেটের ঊৎপাদকদের সঙ্গে হাজার হাজার মানুষের কর্মসংস্থানও করেছে তারা।
কিন্তু বিশেষজ্ঞরা বলছেন, তামাক খাতে কর্মসংস্থান বরং কমছে। এটা তামাক নিয়ন্ত্রণ চেষ্টার কারণে হয়নি। বরং কোম্পানিগুলোই দক্ষতা বাড়িয়ে উৎপাদন বাড়াতে ও টাকা বাঁচাতে যান্ত্রিক পদ্ধতির দিকে ঝুঁকছে। তারা কৃষকদের দেওয়া অর্থও কমিয়ে দিচ্ছে।
আর সিগারেট কোম্পানিগুলোর জন্য সরকারের লাভের চেয়ে ক্ষতিই হচ্ছে বলে মনে করে তামাকবিরোধীরা।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার ২০০৪ সালের এক গবেষণার উদ্ধৃত করে তামাকবিরোধী সম্মিলিত জোটের সাংগঠনিক সম্পাদক সোহেল রেজা চৌধুরী জানান, বাংলাদেশ তামাক উৎপাদনকারী কোম্পানিগুলোর কাছ থেকে যা আয় করে, তার দ্বিগুণ ব্যয় হয় তামাকের কারণে সৃষ্ট রোগ মোকাবেলায়।
তামাকের কারণে সৃষ্ট রোগে বাংলাদেশে বছরে ৫৭ হাজার মানুষ মারা যায় এবং ৩ লাখ ৮২ হাজার মানুষ বিকলাঙ্গ হয়।
সিগারেট কোম্পানিগুলোর চাপের কথা উল্লেখ করে জোটের সভাপতি অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার আবদুল মালিক বলেন, “আমাদের প্রতিপক্ষ (সিগারেট কোম্পানিগুলো) খুবই ক্ষমতাধর। কিন্তু জনস্বাস্থ্যের কথা মাথায় রেখে আমাদের আইনটি পাসে জোর চেষ্টা চালানো উচিত।”
বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, বাংলাদেশ, ইন্দোনেশিয়া, মেক্সিকো ও মিসরের মতো দেশের গরিব পরিবারে ১৫ শতাংশ পর্যন্ত আয় তামাক পণ্যের পেছনে খরচ হয়।
গ্লোবাল অ্যাডাল্ট টোবাকো সার্ভে ২০০৯ অনুযায়ী, বাংলাদেশে ১৫ বছরের বেশি বয়সী ৪ কোটি ১৩ লাখ মানুষ তামাকসেবী। ২০০৭ সালে এ সংখ্যা ছিল ৩ কোটি ২৩ লাখ।
বিশেষজ্ঞরা বলছেন, উন্নত বিশ্বে যেখানে তামাকের ব্যবহার কমছে, সেখানে উন্নয়নশীল দেশে তামাক নিয়ন্ত্রণ আইনে গলদের কারণে ধূমপান বাড়ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউ/১৪১০ ঘ.
bdnews24