২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুর্ঘটনার পর সড়ক অবরোধ গাজীপুরে

দুর্ঘটনায় এক সহকর্মী আহত হওয়ার পর গাজীপুরে শ্রমিকদের অবরোধে ঢাকা-ময়মনসিংহ সড়কে গাড়ি চলাচল এক ঘণ্টা বন্ধ ছিল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Feb 2012, 03:59 AM

Updated : 24 Aug 2022, 10:53 AM

গাজীপুর, ফেব্রুয়ারি ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুর্ঘটনায় এক সহকর্মী আহত হওয়ার পর গাজীপুরে শ্রমিকদের অবরোধে ঢাকা-ময়মনসিংহ সড়কে গাড়ি চলাচল এক ঘণ্টা বন্ধ ছিল। পুলিশ জানায়, বুধবার সকালে সদর উপজেলার ভোগড়া এলাকায় সড়ক অবরোধের সময় কয়েকটি বাস ভাংচুর এবং একটি বাসে আগুনও দেয়। সকাল পৌনে ১০টার দিকে পুলিশ গিয়ে রাস্তা থেকে শ্রমিকদের হটিয়ে দিলে গাড়ি চলাচল স্বাভাবিক হয় বলে জানিয়েছেন মহাসড়ক পুলিশের নাওজোর ফাঁড়ির উপপরিদর্শক ইকবাল হোসেন। স্থানীয়রা জানায়, ভোগড়া এলাকায় সকাল পৌনে ৮টার দিকে ক্রাউন পোশাক কারখানার এক শ্রমিক বাসের ধাক্কায় আহত হন। সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে পাঠানো হয়। পুলিশ কর্মকর্তা ইকবাল বলেন, দুর্ঘটনার কিছু সময় পর ওই শ্রমিকের মৃত্যুর ‘গুজব’ ছড়িয়ে পড়লে বিভিন্ন কারখানার শ্রমিকরা রাস্তায় নেমে ভাংচুর শুরু করে। তারা সড়কে অবস্থান নিলে গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়। শ্রমিকদের অবরোধে এক ঘণ্টা সড়কে গাড়ি চলাচল বন্ধ থাকে। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার পর পৌনে ১০টার দিকে গাড়ি চলাচল পুনরায় শুরু হয় বলে এসআই ইকবাল জানান। এদিকে দুর্ঘটনায় আহত শ্রমিকের পরিচয় কিংবা তাকে কোন হাসপাতালে ভর্তি করা হয়েছে, সে বিষয়ে কোনো তথ্য কারো কাছে পাওয়া যায়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/০৯৫৫ ঘ.