চট্টগ্রাম, ফেব্রুয়ারি ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নগরীর ডবলমুরিং থানার দেওয়ানহাট ওভার ব্রিজের নিচে ট্রেন ইঞ্জিনের ধাক্কায় এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার বিকাল ৪টার দিকে আফরোজা বেগমের (১৪) মৃত্যু হয় বলে পুলিশ জানায়। সে নগরীর আগ্রাবাদ বাদামতলী এলাকার আব্দুল মান্নানের মেয়ে।
পোস্তারপাড় আসমা খাতুন সিটি কর্পোরেশন বালিকা বিদ্যালয় ও কলেজের অষ্টম শ্রেণীর ছাত্রী আফরোজা।
জিআরপি থানার উপ-পরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিকাল ৪টার দিকে পাহাড়তলীমুখি একটি রেল ইঞ্জিনের ধাক্কায় পাশের নালায় পড়ে আফরোজা।
আশঙ্কাজনক অবস্থায় তাকে একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
ছাত্রীর মৃত্যুর কথা স্বীকার করে পোস্তারপাড়া স্কুল ও কলেজের অধ্যক্ষ লাভলী মজুমদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “স্কুল ছুটির পর বাসায় ফেরার পথে সে রেল লাইন পার হচ্ছিল। এসময় রেল ইঞ্জিনের ধাক্কা খায়।”
তিনি বলেন, আফরোজা চলতি বছর এ প্রতিষ্ঠানে ভর্তি হয়।
দেওয়ানহাট ওভার ব্রিজের কয়েক’শ গজ পূর্বে চট্টগ্রাম বেলওয়ে বটতলি স্টেশন। এখান থেকে বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলের ঢাকাসহ বিভিন্ন রুটে ট্রেন চলাচল করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউ/পিডি/২২০৯ ঘ.
bdnews24