ঢাকা, ফেব্রুয়ারি ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দ্রুত বিচার আইনের মেয়াদ ২০১৪ সালের এপ্রিল পর্যন্ত বেড়েছে।
সংসদে মঙ্গলবারের অধিবেশনে আইন-শৃঙ্খলা বিঘœকারী অপরাধ (দ্রুত বিচার) (সংশোধন) আইন-২০১২ পাসের ফলে বর্ধিত মেয়াদে আইনটি আগামী ৮ এপ্রিল থেকে কার্যকর হবে।
২০০২ সালে বিলটি প্রণীত হওয়ার পর দুই বছর কার্যকর ছিল। তৎকালীন বিএনপি-জামায়াত জোট সরকার দুই বার এর মেয়াদ বাড়ায়। ২০১০ সালে একবার দুই বছর বাড়িয়ে এ বছরের এপ্রিল পর্যন্ত করে বর্তমান সরকার।
সংশোধিত বিলটি পাসের জন্য উত্থাপন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন। পরে তা কন্ঠভোটে পাস হয়।
মেয়াদ বাড়ানোর কারণ হিসাবে বিলে বলা হয়, ছিনতাই, চাঁদাবাজি ও ত্রাস সৃষ্টির অপরাধগুলোর কার্যকরভাবে মোকাবেলা এবং এ সব অপরাধের সঙ্গে জড়িত অপরাধীদের দ্রুত বিচার নিশ্চিত করতে এর মেয়াদ বাড়ানো প্রয়োজন।
এছাড়া এ আইনের অধীনে তদন্ত ও বিচারাধীন ২২৬৯টি মামলা নিষ্পত্তির লক্ষ্যেও আইনটির মেয়াদ বাড়ানো প্রয়োজন।
এ লক্ষ্যে আইনের ধারা ১ এর উপ ধারা ২-এ ১০ বছর শব্দের পরিবর্তে ১২ বছর প্রতিস্থাপনের প্রস্তাব করা হয়েছে। এর ফলে আইনটি ২০১৪ সালের ৭ এপ্রিল পর্যন্ত বলবৎ থাকবে।
সাহারা খাতুন গত ১৪ ফেব্রুয়ারি বিলটি সংসদে উত্থাপন করেন। পরে বিলটি পরীক্ষা-নিরীক্ষা করে দুই সপ্তাহের মধ্যে সংসদে প্রতিবেদন দিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়।
গত ১৬ জানুয়ারি এ আইনের মেয়াদ বাড়ানোর প্রস্তাব অনুমোদন করে মন্ত্রিসভা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/পিডি/১৮২৫ ঘ.
bdnews24