গোপালগঞ্জ, ফেব্র“য়ারি ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তদন্ত কর্মকর্তা সাক্ষ্য দিতে আদালতে হাজির না হওয়ায় কোটালীপাড়ায় জনসভাস্থলে বোমা পুঁতে শেখ হাসিনাকে হত্যাচেষ্টার অভিযোগে দায়ের করা রাষ্ট্রদ্রোহ মামলার সাক্ষ্য গ্রহণের তারিখ ফের পিছিয়েছে।
মঙ্গলবার গোপালগঞ্জের জেলা ও দায়রা জজ খোন্দকার কামালউজ্জামান আগামী ২৪ এপ্রিল মামলার নতুন তারিখ দিয়েছেন।
এদিন জামিনে থাকা আসামি আমিরুল ইসলাম মুন্সি, মাওলানা রফিকুল ইসলাম আদালতে হাজির ছিলেন। এ ছাড়া জামিনে থাকা অপর আসামি আনিসুর রহমান সাগর আদালতে সময় প্রার্থনা করেন।
তবে মামলার প্রধান আসামি হরকাতুল জিহাদ নেতা মুফতি আব্দুল হান্নান মুন্সি ও মহিবুল¬াহ, তারেক হোসেন, রাশেদুজ্জামান ওরফে রাশেদ ড্রাইভার, মো. ওয়াদুদ মোল্ল¬া, বেলাল হোসেন, আলী আহম্মেদ, আমির খান, সাব্বির, কামারুজ্জামান ও মাহামুদ আজাহারকে ঢাকা কারাগার থেকে গোপালগঞ্জ আদালতে হাজির করা হয়নি।
অতিরিক্ত স্পেশাল পিপি সুভাষ চন্দ্র জয়ধর জানান, ২০০১ সালের ২২ জুলাই কোটালীপাড়ার শেখ লুৎফর রহমান কলেজে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভাস্থল ও হেলিপ্যাডের পাশে ৭৬ ও ৮০ কেজি ওজনের ২টি বোমা পুঁতে তাকে হত্যার চেষ্টা করা হয়। এ ঘটনায় তিনটি মামলা হলেও হত্যাচেষ্টা ও বিস্ফোরক আইনে করা মামলা দুটি ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচারাধীন।
শুধু রাষ্ট্রদ্রোহ মামলাটির বিচার চলছে গোপালগঞ্জের আদালতে।
এ মামলার ৫০ সাক্ষীর মধ্যে উপপরিদর্শক (এসআই) নূর হোসেন সাক্ষ্য দিয়েছেন। মামলার তদন্ত কর্মকর্তা ও সিআইডির এএসপি মুন্সি আতিকুল ইসলাম হাজির না হওয়ায় গত ৪ ফেব্রুয়ারি আদালত তার বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।
তবে এরপরও মঙ্গলবার সাক্ষ্য দিতে তিনি আসেননি বলে জানান সুভাষ চন্দ্র জয়ধর।
অন্যদিকে মামলাটিতে এখনো ছয় আসামি পলাতক রয়েছেন। তারা হলেন, সারোয়ার হোসেন মিয়া, আজিজুল হক, মো. লোকমান, মো. ইউসুফ, শেখ এনামুল হক ও মোসায়েফ হাসনাত।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/১৬২১ ঘ.
bdnews24