২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আমাদের সময়: নথি যাচ্ছে প্রধান বিচারপতির কাছে

আমাদের সময়ের প্রকাশক নির্ধারণে হাই কোর্টে বিচারাধীন মামলার নথি প্রধান বিচারপতির কাছে পাঠাতে নির্দেশ দিয়েছে হাই কোর্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Feb 2012, 05:55 PM

Updated : 24 Aug 2022, 10:51 AM

ঢাকা, ফেব্রুয়ারি ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আমাদের সময়ের প্রকাশক নির্ধারণে হাই কোর্টে বিচারাধীন মামলার নথি প্রধান বিচারপতির কাছে পাঠাতে নির্দেশ দিয়েছে হাই কোর্ট। একটি বৃহত্তর বেঞ্চে এ সংক্রান্ত রিটের রুল শুনানি করতে পত্রিকার ‘প্রকাশক’ দাবিদার এসএম কল্লোলের আইনজীবীর আবেদনে সোমবার এএইচএম শামসুদ্দিন চৌধুরী ও জাহাঙ্গীর হোসেনের বেঞ্চ এই আদেশ দেয়। আদালত একইসঙ্গে এসএম কল্লোলকে আমাদের সময়ের প্রকাশক হিসাবে নিয়োগে জেলা ম্যাজিস্ট্রেটের আদেশ স্থগিতের মেয়াদ আরো দুই মাস বাড়িয়ে দেয়। এই আদেশের ফলে নাঈমুল ইসলাম খান আরো আড়াই মাস পত্রিকাটির প্রকাশনা অব্যাহত রাখতে পারবেন বলে জানান তার আইনজীবী ব্যারিস্টার আখতার ইমাম। এ আইনজীবী আদালতে বলেন, “কেউ যদি প্রকাশক পদ থেকে পদত্যাগ করতে চান তাহলে তাকে ছাপাখানা ও প্রকাশনা (ঘোষণা ও নিবন্ধন) আইন-১৯৭৩ এর ১৬ ধারা অনুযায়ী সি ফর্ম পূরণ করে একটি ঘোষণা দিতে হয়। আইনে ওই সি ফর্মের একটি ইংরেজি নমুনা দেওয়া আছে। নাঈমুল ইসলাম খান একটি বাংলা ফর্ম পূরণ করেছিলেন যা ওই ইংরেজির যথাযথ অনুবাদ নয়।” “তাই ভুল ফর্মে দেওয়া ওই ঘোষণার কারণে তিনি আমাদের প্রকাশক রয়ে গেছেন। তা ছাড়া ওই ঘোষণা কার্যকর হওয়ার আগেই তিনি তা প্রত্যাহার করেও নিয়েছেন। তাই তিনিই আমাদের সময়ের প্রকৃত প্রকাশক।” আইনের বাইরে গিয়ে বাংলা ফর্মের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে এ সময় আদালতে উপস্থিত ঢাকার জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক মো. মহিবুল হক বলেন, “ওই ফর্ম পূরণ করেই সবাই ঘোষণা দিয়ে থাকে। এই ট্র্যাডিশনই চলে আসছে।” জবাবে আদালত বলে, ভুল জিনিস ট্র্যাডিশন হলেই সেটা চালিয়ে নেবেন নাকি? পরে ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ বলেন, “সি ফর্ম ভুলভাবে অনূদিত হওয়ার কারণে তিনি যদি প্রকাশক থেকে যান, তাহলে তিনি প্রকাশক হয়েছেন কীভাবে?” “ওই আইনের ১৫ ধারা অনুযায়ী যে বি ফর্ম পূরণ করে তিনি প্রকাশক হয়েছেন, সেটিও একইভাবে ভুল অনুবাদে করা।” “গত ৩০ বছর যাবত ওই ফর্মই চলে আসছে। তাই এ বিষয়ে আদালত সিদ্ধান্ত নিলে এ সময়ের অনুমোদন পাওয়া সব পত্রিকার ওপর এই ফল পড়বে।” এরপর শুনানির এক পর্যায়ে বিষয়টিকে অত্যন্ত জটিল উল্লেখ করে এটি শুনানির জন্য তিন বা পাঁচ বিচারপতির সমন্বয়ে গঠিত বৃহত্তর বেঞ্চে রুল শুনানির আবেদন করেন। তাকে সমর্থন করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম কে রহমান। নাঈমুল ইসলাম খানের আইনজীবী ব্যারিস্টার আখতার ইমাম এতে আপত্তি করেননি। তিনি বলেন, আদালত মনে করলে বৃহত্তর বেঞ্চে শুনানি হতে পারে। গত ২৮ সেপ্টেম্বর ঢাকার জেলা ম্যাজিস্ট্রেট (জেলা প্রশাসক) দেওয়া এক আদেশ অনুযায়ী এসএম কল্লোল আমাদের সময়ের প্রকাশক হিসাবে দায়িত্ব পালন করে আসছিলেন। ম্যাজিস্ট্রেটের ওই সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে নাঈমুল ইসলাম খান রিট করলে হাই কোর্ট গত ১৬ জানুয়ারি ওই সিদ্ধান্ত স্থগিত করে দেয়। একইসঙ্গে হাই কোর্ট কল্লোলের নিয়োগ আদেশ স্থগিতের পাশাপাশি জেলা ম্যাজিস্ট্রেটের আদেশ (নাঈমুলকে বাদ দিয়ে কল্লোলকে আমাদের সময়ের প্রকাশক করা) কেন আইনগত কর্তৃত্ব বহির্ভূত হবে না, তা জানতে চেয়ে রুল জারি করে। আদালতের এই আদেশের পর ১৭ জানুয়ারি নাঈমুল ইসলাম খানের প্রকাশনায় আমাদের সময় প্রকাশিত হয় যা এখনো অব্যাহত রয়েছে। হাই কোর্টের এই আদেশে স্থগিতাদেশ চেয়ে পরের দিন কল্লোল চেম্বার আদালতে গেলেও আদালত তাতে সাড়া দেয়নি। সেদিন হাই কোর্টের দেওয়া নো’ আদেশ নাঈমুল ইসলাম খানকে পত্রিকা প্রকাশের এখতিয়ার দেয় না বলে উল্লেখ করে আসছেন কল্লোলের আইনজীবীরা। আমাদের সময় পত্রিকাটি নাঈমুল ইসলামই প্রথম প্রকাশ করেছিলেন। বিক্রির ক্ষেত্রে দুই টাকার এই দৈনিক শুরুতেই বেশ সাড়া ফেলে। তবে প্রকাশক নিয়ে দ্বন্দ্বের পর পত্রিকাটি মোজাম্মেল হোসেনের সম্পাদনায় প্রকাশ হচ্ছিল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/পিডি/২৩৫৪ ঘ.