২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হুমায়ুন আজাদ হত্যার বিচার দাবি বইমেলায়

বহুমাত্রিক লেখক হুমায়ুন আজাদ হত্যার প্রতিবাদ জানিয়ে হত্যাকারীদের বিচারের দাবিতে বইমেলা প্রাঙ্গণে মানববন্ধন করেছে লেখক-পাঠক-প্রকাশক ফোরাম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Feb 2012, 04:45 PM

Updated : 24 Aug 2022, 10:52 AM

ঢাকা, ফেব্রুয়ারি ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বহুমাত্রিক লেখক হুমায়ুন আজাদ হত্যার প্রতিবাদ জানিয়ে হত্যাকারীদের বিচারের দাবিতে বইমেলা প্রাঙ্গণে মানববন্ধন করেছে লেখক-পাঠক-প্রকাশক ফোরাম। সোমবার বইমেলায় বাংলা একাডেমীর তথ্যকেন্দ্রের সামনে মানববন্ধনে আজাদকে শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। মানববন্ধনে লেখকের স্ত্রী লতিফা কোহিনুর, মেয়ে মৌলি আজাদ ও স্মীতা আজাদ, জাতীয় কবিতা পরিষদের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ সামাদ প্রমুখ অংশ নেন। উপস্থিত লেখক, পাঠক এবং প্রকাশকরা ডান হাত তুলে হত্যাকারীদের বিচারের দাবির প্রতি একাত্মতা জানান। ২০০৪ সালের এই দিনে বইমেলা থেকে ফেরার পথে বাংলা একাডেমী সংলগ্ন পরমাণু শক্তি কমিশনের উল্টোদিকের ফুটপাথে অজ্ঞাতনামা ব্যক্তিদের হামলায় আহত হন আজাদ। ওই বছরের ১১ অগাস্ট জার্মানির মিউনিখে তার অ্যাপার্টমেন্ট থেকে তাকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। এরপর থেকে প্রতিবছরের ২৭ ফেব্রুয়ারি এ দিনটিতে মানববন্ধন করে আসছে ফোরাম। ১৯ শতকের জার্মান কবি হাইনরিশ হাইনের ওপর গবেষণা করতে মৃত্যুর মাত্র এক সপ্তাহ আগে জার্মানি পৌঁছান তিনি। মানববন্ধনে প্রাবন্ধিক সৈয়দ আবুল মকসুদ তৎকালীন চারদলীয় জোট সরকারের তথ্যমন্ত্রী তরিকুল ইসলামের উদ্ধৃতি দিয়ে বলেন, “আমি যখন হুমায়ুনের ওপরে হামলার বিপক্ষে বিভিন্ন পত্র-পত্রিকায় লেখালেখি করছিলাম তখন তরিকুল বলেন এতে নাকি সরকারের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। আমি বলতে চাই হুমায়ুন একটি প্রতিক্রিয়াশীল ধর্মান্ধ গোষ্ঠির হাতে খুন হয়েছেন।” আগামী তিন মাসের মধ্যে এ হত্যার রহস্য উন্মোচিত না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তিনি। এ সময় লেখকের ছেলে অনন্য আজাদ বলেন, “৮ বছর আগের এ হত্যাকাণ্ডের বিচার আমরা পাইনি, ভবিষ্যতে পাবো সে আশাও ক্ষীণ।” তিনি জামায়াতে ইসলামীর নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীকে ইঙ্গিত করে বলেন, “সাঈদীর ইন্ধনেই এ ঘটনা ঘটেছে। তাকে জিজ্ঞাসাবাদ করলেই প্রকৃত সত্য বেড়িয়ে আসবে।” অজ্ঞানামাদের আসামি করে হুমায়ুনের ভাই মঞ্জুর কবিরের করা মামলায় জামায়াতে ইসলামীর নায়েবে আমির সাঈদীকে ২০১০ সালের মাঝামাঝি কয়েকদফায় হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। ২০০৩ সালে দৈনিক ইত্তেফাকের ঈদসংখ্যায় প্রকাশ হয় হুমায়ুন আজাদের উপন্যাস ‘পাক সার জমিন সাদ বাদ’। এরপর থেকেই সাঈদী বিভিন্ন ওয়াজ মাহফিল, জাতীয় সংসদ ও অন্যান্য জায়গায় হুমায়ুনের বিরুদ্ধে বিভিন্ন উস্কানিমূলক বক্তব্য দেন বলে হেফাজতে উল্লেখ করেছিল পুলিশ। সাঈদী সেসময় হুমায়ুনকে কটাক্ষ করে দেশে ব্লাসফেমি আইন করারও মতামত দিয়েছিলেন। মুন্সীগঞ্জের রাঢ়ীখালে ১৯৪৭ সালের ২৮ এপ্রিল জন্ম নেওয়া হুমায়ুুন আজাদ ১৯৬৪ সালে ঢাকা কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেন। ১৯৬৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় স্নাতক এবং ১৯৬৮ সালে একই বিভাগ থেকে স্নাতকোত্তর সনদ নেন। দুই পর্যায়েই প্রথম শ্রেণীতে প্রথম হওয়া আজাদ পেশা জীবনে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক। বাংলা ভাষা ও সাহিত্যে অবদানের স্বীকৃতি হিসেবে চলতি বছর তাকে একুশে পদকে ভূষিত করে সরকার। মেলায় নতুন বই বইমেলার ২৭তম দিনে বই প্রকাশিত হয়েছে মোট ৮৫টি। এর মধ্যে গল্প ১২, উপন্যাস ৬, প্রবন্ধ ৬, কবিতা ২০, ছড়া ১০, শিশুতোষ ৬, জীবনী ২, ভাষা-আন্দোলন ও মুক্তিযুদ্ধ ১, নাটক ১, ভ্রমণ ২, ইতিহাস ৩, স্বাস্থ্য ১, কম্পিউটার ২, রম্যরচনা ৩, অনুবাদ ২, বৈজ্ঞানিক কল্পকাহিনী ১ এবং অন্যান্য ৭টি। মূল মঞ্চের আয়োজন বিকালে বইমেলার মূলমঞ্চে ‘নজরুলের ‘বিদ্রোহী’ কবিতার ৯০ বছর’ শীর্ষক আলোচনা অনুষ্ঠানে প্রবন্ধ উপস্থাপন করেন কবি অধ্যাপক খোন্দকার আশরাফ হোসেন। নজরুল গবেষক আসাদুল হকের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন অধ্যাপক জহিরুল হক এবং অধ্যাপক হাসান আল যায়েদ। অনুষ্ঠানের শুরুতে ‘বিদ্রোহী’ কবিতা আবৃত্তি করেন শিল্পী জয়ন্ত চট্টোপাধ্যায়। প্রাবন্ধিক বলেন, “নজরুল ‘বিদ্রোহী’তে যে দ্রোহের প্রকাশ ঘটান তা সমগ্র বাংলা সাহিত্যেই বিরল। বিদ্রোহ নজরুলের কাছে কোনো আকস্মিক বিষয় ছিল না; এটা ছিল তার কাছে উদ্যাপনের বিষয়। সমকালীন প্রসঙ্গ-অনুষঙ্গ ধারণ করেও চিরকালীন ব্যঞ্জনায় অভিসিক্ত ‘বিদ্রোহী’ কবিতা।” সভাপতির বক্তব্যে আসাদুল হক বলেন, “নজরুল সাহিত্যিক ও সাংস্কৃতিক বিদ্রোহের যুগল-উদ্গাতা। নজরুলের ‘বিদ্রোহী’কে যথাযথ ব্যাখ্যা করতে হলে তার সময় ও সমাজের বিশ্লেষণ প্রয়োজন।” সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানে যাত্রাপালা ‘মহুয়া’ মঞ্চস্থ করে ‘উদীচী শিল্পীগোষ্ঠী : ময়মনসিংহ জেলা সংসদ’, সঙ্গীত পরিবেশন করেন নাদিরা বেগম, দিলরুবা খান, বিমান চন্দ্র বিশ্বাস, আজগর আলীম, আব্দুস সাত্তার মোহন্ত, মির্জা শামসুল আলম, রীতা ভাদুড়ী প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএ/এমএমআর/পিডি/২২৪৩ ঘ.