আতিয়ার বাড্ডা
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধি
নীলফামারী, ফেব্রুয়ারি ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিড়ি-সিগারেট কোম্পানির কাছ থেকে আগাম ঋণ পেয়ে তামাক আবাদের দিকে ঝুঁকছে নীলফামারীর চাষিরা। ফলে এ অঞ্চলে খাদ্যশস্যের উৎপাদন কমে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
নীলফামারী কৃষি স¤প্রসারণ বিভাগের উপ-পরিচালক এ বি এম মোস্তাফিজুর রহমান বলেন, “গত বছর কৃষকরা চার হাজার হেক্টর জমিতে তামাক চাষ করলেও এবার তা পাঁচ হাজার হেক্টর ছাড়িয়ে গেছে। কৃষিপণ্যের ন্যায্য দাম না পাওয়া এবং বিভিন্ন কোম্পানি আগাম ঋণ দেওয়ায় এ পরিস্থিতি সৃষ্টি হয়েছে।”
তামাক চাষিরা জানান, আমন ধান কাটার পর পরই তারা জমিতে তামাক চাষ করেছেন। প্রতি একরে খরচ পড়ছে গড়ে হাজার পনের টাকা। খরচ বাদ দিয়ে লাভ থাকে প্রায় ৩০-৩৫ হাজার টাকা।
বিড়ি-সিগেরেট কোম্পানি প্রতি একর জমিতে তামাক চাষের জন্য আগাম চার হাজার টাকা করে ঋণ দিয়ে থাকে। এ বছর ঋণ দেওয়া হয়েছে তিন হাজারের বেশি চাষিকে।
টুপামারী ইউনিয়নের দাউদগ্রামের বছির উদ্দিনের ছেলে কৃষক হাফিজার রহমান (২৪) বলেন, “আকিজ বিড়ি কোম্পানিসহ আরো কয়েকটি কোম্পানি প্রতি একর জমিতে তামাক চাষের জন্য আগাম চার হাজার টাকা করে ঋণ দিয়েছে। চুক্তি অনুযায়ী উৎপাদিত তামাক ওই কোম্পানির কাছেই বিক্রি করতে হবে। না হলে কৃষককে বিভিন্ন সমস্যায় পড়তে হয়।”
একই এলাকার মছিরত আলী শাহ ফকিরের ছেলে মাসুদ আলী শাহ ফকির (৪০) দুই একর জমিতে তামাক চাষের জন্য আকিজ বিড়ি কোম্পানির কাছ থেকে আট হাজার টাকা ঋণ নিয়েছেন বলে জানান।
কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে বিড়ি-সিগারেট-জর্দা ও গুল প্রস্তুতকারী প্রতিষ্ঠান ভরসা, রশিদা বিড়ি, বেঙ্গল টোবাকো, আবুল টোবাকো, আকিজ বিড়ি, খালেদ গুল, তারিক গুল, তৌহিদ গুল, সাকিব গুল কোম্পানিসহ কয়েকটি প্রতিষ্ঠান তাদের ঋণ দিচ্ছে।
এদিকে দীর্ঘদিন ধরে তামাক চাষের সঙ্গে জড়িত চাষিদের মধ্যে বিভিন্ন রোগের উপসর্গ দেখা দিয়েছে।
ঘোনপাড়া গ্রামের ওসমান গণির স্ত্রী মরিয়ম বেগম (৩২) তামাক ক্ষেতে কাজ করে মজুরি হিসেবে একশ’ টাকা করে পেতেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি জানান, বর্তমানে তিনি বুকের ব্যথা, শ্বাসকষ্টসহ বিভিন্ন রোগে ভুগছেন।
টুপামারীর দাউদ গ্রামের খগেন্দ্র নাথ রায়ের ছেলে তামাক মিলের শ্রমিক হরিদাস রায় জানান, এ মিলে কাজ করে তার দৃষ্টিশক্তি কমে গেছে। হাঁপানি হয়েছে। বুকে ব্যথা হয়। রাতে ঘুম হয় না।
নীলফামারী সিভিল সার্জন ডা. আব্দুল মজিদ সরকার বলেন, তামাক ক্ষতিকর হলেও লাভজনক ফসল হওয়ায় কৃষকেরা তামাক আবাদে ঝুঁকে পড়েছে। ফলে অন্যান্য শস্যের উৎপাদন কমবে এটাই স্বাভাবিক। পাশাপাশি এ অঞ্চলে ধূমপায়ীর সংখ্যাও বাড়বে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এএল/২০২৮ ঘ.
bdnews24