২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ধর্ষণের পর রক্ত সংগ্রহ, এরপর হত্যা

সিরাজগঞ্জের এনায়েতপুরে চার দিন আগে নিহত ছয় বছর বয়সী শিশুটিকে হত্যার আগে করা হয়েছিলো ধর্ষণ। শুধু তাই নয়, ধর্ষণের পর তার দেহ থেকে সিরিঞ্জ দিয়ে রক্ত বের করে নিয়েছিলো পেশাদার রক্ত বিক্রেতারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Feb 2012, 11:35 AM

Updated : 24 Aug 2022, 10:52 AM

সিরাজগঞ্জ, ফেব্রুয়ারি ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিরাজগঞ্জের এনায়েতপুরে চার দিন আগে নিহত ছয় বছর বয়সী শিশুটিকে হত্যার আগে করা হয়েছিলো ধর্ষণ। শুধু তাই নয়, ধর্ষণের পর তার দেহ থেকে সিরিঞ্জ দিয়ে রক্ত বের করে নিয়েছিলো পেশাদার রক্ত বিক্রেতারা। শুক্রবার ধানক্ষেত থেকে ওই শিশুর লাশ উদ্ধার করা হয়। তবে অনেকের কাছেই অজানা ছিলো এই রোমহর্ষক ঘটনা। সোমবার সিরাজগঞ্জের ভারপ্রাপ্ত পুলিশ সুপার (এসপি) পংকজ ভট্টাচার্য জানান, রূপসী গ্রামের তাঁত শ্রমিকের মেয়ে জুলেখা খাতুন টুনিকে হত্যার অভিযোগে রোববার রাতে পেশাদার রক্ত বিক্রেতা রুবেল শেখ ওরফে তুহিন নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে সে পুলিশের কাছে হত্যাকাণ্ডের বিবরণ দিয়েছে। স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে রুবেল জানিয়েছে, বৃহস্পতিবার কীর্তণ দেখার কথা বলে নির্জন স্থানে নিয়ে পাঁচ হাজার টাকার বিনিময়ে সোহেল ও মঞ্জিলের হাতে সে টুনিকে তুলে দেয়। পরে তারা তিন জন মিলে টুনিকে ধর্ষণ করে। এক পর্যায়ে জ্ঞান হারিয়ে ফেললে টুনির শরীর থেকে সিরিঞ্জ দিয়ে রক্ত বের করে নেওয়া হয়। তবে রক্ত সংগ্রহের পর তা কোথায় বিক্রি করা হয়েছে তা জানাতে পারেনি পুলিশ। ভারপ্রাপ্ত এসপি পংকজ জানিয়েছেন, রুবেলের অপর দুই সহযোগীকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এনায়েতপুর থানার ওসি ওহিদুজ্জামান জানান, ওই ঘটনার একদিন বাদে ধানক্ষেত থেকে টুনির লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় টুনির বাবা শুকুর আলী একটি হত্যা মামলা করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এএল/১৭৩০ ঘ.