২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ আইনের খসড়া অনুমোদন

কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ আইন-২০১২ এর খসড়া নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Feb 2012, 10:35 AM

Updated : 24 Aug 2022, 10:52 AM

ঢাকা, ফেব্রুয়ারি ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ আইন-২০১২ এর খসড়া নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এই অনুমোদন দেওয়া হয়। মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা সাংবাদিকদের জানান, কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ আইনের আওতায় কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ গঠন করা হবে। তিনি বলেন, কক্সবাজারের প্রাকৃতিক পরিবেশ রক্ষা, ভূমি ব্যবহার, ট্রাফিক ও পানি ব্যবস্থাপনা, পাহাড় কাটা বন্ধ করাসহ অন্যান্য নাগরিক সুবিধা বাড়াতে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সমন্বিত পরিকল্পনা প্রণয়ন করবে। এ কর্তৃপক্ষ সরকারের কাছ থেকে আর্থিক অনুদান পাবে এবং প্রয়োজনে ঋণও নিতে পারবে বলে জানান মোশাররাফ। সচিব জানান, তুরস্কের সঙ্গে পুঁজি-বিনিয়োগ উন্নয়ন ও সংরক্ষণ চুক্তির খসড়াও অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। তিনি বলেন, ১৯৮৭ সালে তুরস্কের সঙ্গে এ সংক্রান্ত চুক্তি করে বাংলাদেশ। এ চুক্তিকে যুগোপযোগী করে বিনিয়োগ সুবিধা বাড়াতে নতুন করে খসড়ার অনুমোদন দেওয়া হয়েছে। এতে বিনিয়োগের পরিবেশ ও ব্যবসায়িক বিভিন্ন বিষয় যুক্ত করা হয়েছে। এছাড়া গত বছরের ৯ থেকে ১৩ ডিসেম্বর জেদ্দায় অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল ইসলামিক ট্রেড ফাইন্যান্স কর্পোরেশনের সঙ্গে পলিসি ডায়ালগে বাংলাদেশ প্রতিনিধি দলের অংশগ্রহণ সম্পর্কে মন্ত্রিসভাকে অবহিতকরণ করা হয়। জেদ্দার ওই ডায়ালগ থেকে ২০১২ সালে জ্বালানি তেল আমদানির জন্য দুই বিলিয়ন ডলারের ঋণ পাওয়ার বিষয়টি চূড়ান্ত করা হয়েছে। এর সুুদ ৫ দশমিক ৩ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করা হয়েছে বলেও জানান মন্ত্রিপরিষদ সচিব। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/এমআই/১৬৩৩ ঘ.