ঢাকা, ফেব্রুয়ারি ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মানহানির মামলায় আদালতে গিয়ে জামিন নিয়েছেন বসুন্ধরা গ্রুপ মালিকানাধীন তিনটি পত্রিকার সম্পাদক।
তারা হলেন- কালের কণ্ঠের সম্পাদক ইমদাদুল হক মিলন, বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজাম এবং ডেইলি সানের সম্পাদক সৈয়দ আনোয়ার হোসেন।
আবাসন প্রতিষ্ঠান আশিয়ান ল্যান্ডস ডেভেলপমেন্টের একটি মামলায় সোমবার ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে তিন জনই আত্মসমর্পণ করে জামিনের আবেদন জানান।
শুনানি শেষে মহানগর হাকিম শাহরিয়ার মাহমুদ আদনান ৫ হাজার টাকা মুচলেকায় প্রত্যেককে জামিন দেন বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন অভিযুক্তদের আইনজীবী শাহ জামান ফিরোজ তুহিন এবং এম এ জলিল উজ্জ্বল।
গত ১২ জানুয়ারি তিন সম্পাদকের বিরুদ্ধে এই মামলা করেন আশিয়ান ল্যান্ডসের মহাব্যবস্থাপক এন আই মাকসুদ।
মামলার আরজিতে বলা হয়, গত বছরের ২১ নভেম্বরে কালের কণ্ঠে ‘আশিয়ান সিটির এমডির নামে গ্রেপ্তারি পরোয়ানা’, বাংলাদেশ প্রতিদিনে ‘প্রতারণা করে জামিন নেওয়ায় আশিয়ান সিটির নজরুলের বিরুদ্ধে পরোয়ানা’ এবং ডেইলি সানে ‘অ্যারেষ্ট ওয়ারেন্ট ফর আশিয়ান সিটি বস’ শিরোনামে খবর প্রকাশিত হয়, যা মিথ্যা।
এই সংবাদ প্রকাশের ফলে আশিয়ান সিটির কর্ণধারের মানহানি হয়েছে অভিযোগ করে মামলাটি করা হয়।
এই তিন সম্পাদক আশিয়ানের করা অন্য একটি মামলায় গত ২২ জানুয়ারি একই আদালত থেকে জামিন নেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এমআই/১৩৪৩ ঘ.
bdnews24