ঢাকা, ফেব্রুয়ারি ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হবিগঞ্জ, মানিকগঞ্জ ও জামালপুরে রোববার সড়ক দুর্ঘটনায় তিন জন নিহত হয়েছে। হবিগঞ্জে নিহত ব্যক্তি একটি প্রতিষ্ঠানের বিক্রয় প্রতিনিধি এবং জামালপুরে নিহত ব্যক্তি এক জন সার ব্যবসায়ী। মানিকগঞ্জে নিহত হয়েছেন বাসচালকের এক সহকারী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর
হবিগঞ্জ প্রতিনিধি
জানান, শহরের চৌধুরী বাজার এলাকায় কিবরিয়া সেতুর কাছে সকালে ট্রাকচাপায় নিহত হন সজিব কর্পোরেশনের বিক্রয় প্রতিনিধি ফিরোজ হোসেন (২৫)।
ফিরোজ সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার সিংহলাল গ্রামের শওকত হোসেনের ছেলে। পুলিশ ট্রাক এবং এর চালকের সহকারী ঢাকার ৬৬ নম্বর পশ্চিম জুরাইন এলাকার জামাল উদ্দিনের ছেলে সজল মিয়াকে (১৬) আটক করেছে।
হবিগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক (এস আই) লিটন সরকার জানান, সকাল ১০টায় কিবরিয়া সেতুর কাছে পণ্য (আলকাতরা ও টিন) আনলোড করার পর ট্রাকটি পার্কিং করছিলেন হেলপার সজল। তখন ট্রাকের নিচে চাপা পড়েন ফিরোজ।
গুরুতর আহত ফিরোজকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মানিকগঞ্জ প্রতিনিধি
জানান, ঘিওর উপজেলায় ঢাকা-আরিচা মহাসড়কে বাস ও ট্রাকের সংঘর্ষে মারা যান বাসচালকের সহকারী মাসুদ রানা (৩০)।
সকাল সাড়ে ১১টার দিকে পাচুরিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন মহাসড়ক পুলিশের বরঙ্গাইল ফাঁড়ির উপপরিদর্শক রফিকুল ইসলাম।
নিহত মাসুদ ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ঘিঘাট গ্রামের আব্দুল মালেকের ছেলে।
পুলিশ কর্মকর্তা রফিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঢাকা থেকে ঝিনাইদহগামী সোনালী পরিবহনের বাসটির সঙ্গে বিপরীতমুখী মাটিবোঝাই ট্রাকটির সংঘর্ষ হয়। এতে মাসুদ ঘটনাস্থলেই মারা যায়, আহত হয় বাসের অন্তত ছয় জন যাত্রী।
দুর্ঘটনা কবলিত বাস ও ট্রাক আটক করা হলেও দুই চালকই পালিয়ে গেছে বলে পুলিশ জানায়।
জামালপুর প্রতিনিধি
জানান, বকশীগঞ্জের ঠাকুরপাড়া এলাকায় দুপুরে শ্যালোইঞ্জিনচালিত যান ভটভটি উল্টে নিহত হন সার ব্যবসায়ী শাহজাহান আলী (৫৫)।
বকশীগঞ্জ থানার ওসি আবু মো. ফজলুল করিম সাংবাদিকদের জানান, ইসলামপুরের নাপিতের চর বাজারের খুচরা সার ব্যবসায়ী শাহজাহান বকশীগঞ্জ বাজার থেকে সার নিয়ে ভটভটিতে চড়ে ফিরছিলেন। ঠাকুরপাড়া এলাকায় নিয়ন্ত্রণ ভটভটি খাদে পড়ে যায়। এতে ভটভটির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই শাহজাহান মারা যান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৮৫৫ ঘ.
bdnews24