ঢাকা, ফেব্রুয়ারি ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রতিবন্ধকতা সরিয়ে জিরো পয়েন্ট থেকে সদরঘাট পর্যন্ত রাস্তায় চলাচল নির্বিঘ্ন করতে ৪৮ ঘণ্টার মধ্যে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে হাই কোর্ট।
একটি রিট আবেদনে রোববার বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি জাহাঙ্গীর হোসেনের বেঞ্চ এই আদেশ দেয়।
ঢাকা জজ কোর্টের বিচারক, আইনজীবী ও বিচারপ্রার্থীদের ভোগান্তি দূর করতে সকালে অ্যাডভোকেট আসাদুজ্জামান সিদ্দিকী ও একলাছ উদ্দিন ভূঁইয়া আবেদনটি করেন।
জিরো পয়েন্ট থেকে সদরঘাট পর্যন্ত ফুটপাথ বা রাস্তায় বালু, রড, বা যে কোনো পণ্য রাখা, ভ্যান ও ঠেলা গাড়ি পার্কিং, ফুটপাতে দোকান, ফেরিওয়ালা বা ফলের দোকান যেন বসতে না পারে কিংবা রাস্তার পাশের দোকানের পণ্য ফুটপাতে যাতে কেউ না রাখতে পারে সে বিষয়ে ৪৮ ঘণ্টার মধ্যে ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।
স্বরাষ্ট্র সচিব, পুলিশের মহাপরিদর্শক, ঢাকা মহানগর পুলিশের যুগ্ম কমিশনার (ট্রাফিক), উপকমিশনার (দক্ষিণ), ঢাকা সিটি কর্পোরেশন দক্ষিণের প্রশাসক, ঢাকার জেলা প্রশাসক এবং বংশাল, কোতোয়ালি, সূত্রাপুর ও রমনা থানার ওসিকে এই আদেশ বাস্তবায়ন করতে বলেছে হাই কোর্ট।
ওই সড়কে যান চলাচলে প্রতিবন্ধকতা দূর করতে কেন নির্দেশ দেওয়া হবে না, তাও জানতে চেয়ে রুল জারি করেছে আদালত।
বিবাদিদের দুই সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে হবে।
আদালতে রিট আবেদনকারীর পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মনজিল মোরসেদ। সরকার পক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ বি এম আলতাফ হোসেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/এমআই/১৮২৯ ঘ.
bdnews24