ঝালকাঠী, ফেব্রুয়ারি ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কলেজছাত্র লিমনের বিরুদ্ধে অস্ত্র রাখার অভিযোগে মামলা হলেও গ্রেপ্তারি পরোয়ানার তামিল প্রতিবেদনই দাখিল করতে পারেনি পুলিশ। এ অবস্থায়ই মামলায় অভিযোগ গঠনের নতুন তারিখ দিয়েছে আদালত।
রোববার ঝালকাঠী বিশেষ ট্র্যাইবুনাল জজ আদালত-২ এর বিচারক সিদ্দিকুল আরেফিন চৌধুরী ২৯ মে অভিযোগ গঠনের পরবর্তী তারিখ রাখেন।
গত বছরের ২৩ মার্চ ঝালকাঠীর সাতুরিয়া গ্রামের তোফাজ্জেল হোসেনের ছেলে লিমন হোসেন র্যাবের গুলিতে পা হারান।
এ ঘটনায় সরকারি কাজে বাধা ও অস্ত্র আইনে লিমনসহ ৮ জনকে আসামি করে রাজাপুর থানায় পৃথক দুটি মামলা দায়ের করে র্যাব। এই মামলায় ২০১১ সালের ৩ জুলাই আদালত পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। অবশ্য ওই ঘটনা তখন সারাদেশে ব্যাপকভাবে আলোচিত হয়।
লিমন উচ্চ আদালতের নির্দেশে দুটি মামলায় জামিনে রয়েছেন।
লিমনের আইনজীবী মানিক আচার্য্য বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, অস্ত্র আইনের মামলায় লিমনসহ সব আসামিদের বিরুদ্ধে পুলিশ গত বছরের ২৪ এপ্রিল আদালতে অভিযোগপত্র দাখিল করে।
“অবশ্য পুলিশ আদালতে এখনো এই মিথ্যা মামলার তদন্ত প্রতিবেদনই দাখিল করতে পারেনি”, যোগ করেন তিনি।
এর আগে বেলা সাড়ে ১১টার দিকে ক্র্যাচে ভর করে আদালতে হাজির হন লিমন। এ সময় তিনি র্যাবের মামলা মিথ্যা ও হয়রানিমূলক উল্লেখ করে সাংবাদিকদের জানান, এ মামলায় তিনি মোট ৬ বার হাজিরা দিয়েছেন।
মামলাটি প্রত্যাহারের জন্য সরকারের প্রতিও আহ্বান জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এএল/১৭১১ ঘ.
bdnews24