২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাসমালিক অজ্ঞানপার্টির কবলে

রাজধানীর গুলিস্তান এলাকায় এক পরিবহন মালিক অজ্ঞান পার্টির কবলে পড়েন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Feb 2012, 04:34 PM

Updated : 24 Aug 2022, 10:51 AM

ঢাকা, ফেব্রুয়ারি ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর গুলিস্তান এলাকায় এক পরিবহন মালিক অজ্ঞান পার্টির কবলে পড়েন। শনিবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে আলামিন খন্দকার (৪৫) নামে খাজা পরিবহনের ওই মালিককে অচেতন অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তিনি ২১৯ নম্বর কক্ষে ভর্তি রয়েছেন বলে পুলিশ জানায়। ঢাকা-দোহার রুটের খাজা পরিবহনের ব্যবস্থাপক মারুফ হোসেন ঢামেক হাসপাতালে সাংবাদিকদের জানান, শনিবার দুপুর ১টার দিকে আলামিন গুলিস্তানের সুন্দরবন মার্কেটের ৪র্থ তলায় তাদের অফিস থেকে বের হয়ে যান। সন্ধ্যা ৬টার দিকে তাকে গুলিস্তান গোলাপ শাহ মাজারের সামনের ৭ নম্বর বাসে তাকে অচেতন অবস্থায় পাওয়া যায়। ঢামেক পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মোজাম্মেল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আলামিনের শনিবার গ্রামের বাড়ি বগুড়া যাওয়ার কথা ছিলো। প্রথমে গাবতলী যাওয়ার জন্য ৭ নম্বর বাসে ওঠার পর অজ্ঞান পার্টির খপ্পরে পড়েছেন বলে তার ধারণা। কী খোয়া গেছে জানতে চাইলে এসআই মোজাম্মেল ব্যবস্থাপক মারুফের বরাত দিয়ে বলেন, আলামিনের সঙ্গে সব সময় এক থেকে দেড় লাখ টাকা থাকে। তাই মারুফের ধারণা, ওই টাকা এবং মোবাইল ফানটি অজ্ঞানপার্টির সদস্যরা নিয়ে যায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/পিডি/২২৩৬ ঘ.