ঝিনাইদহ, ফেব্রুয়ারি ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঝিনাইদহ সদর ও শৈলকুপা উপজেলায় আগুনে ৩০ বিঘা জমির পান বরজ এবং ১১টি বাড়ি পুড়ে গেছে।
শনিবার সদরের বকশিপুর-চাঁদপুর এবং শৈলকুপার ধাওড়া গ্রামে এ দু’টি অগ্নিকাণ্ড হয়।
ঝিনাইদহ অগ্নিনির্বাপন দলের স্টেশন কর্মকর্তা লুৎফর রহমান বলেন, দুপুরে সদরের বকশিপুর-চাঁদপুর গ্রামে আব্দুলের পান বরজে আগুন ধরে।
পরে আগুন ঝন্টু মিয়া, আজিজুল, আব্দুল খালেক, রুহুজেল, মতিয়ার, আতিয়ার, রেজা, হেকমত, আশাবুল, রকিব আলী, শহিদুল, শরিফুল, লুৎফর রহমান, হযরত আলী, শহিদুল ও মফিজুল ইসলামের পান ক্ষেতেও ছড়িয়ে পড়ে।
ঝিনাইদহ থেকে অগ্নিনির্বাপন দলের সদস্যরা গিয়ে দু’ঘণ্টার চেষ্টায় আগুন নেভায়।
জ্বলন্ত বিড়ি বা সিগারেটের টুকরা থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। আগুনে পান চাষীদের প্রায় ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে তিনি ধারণা করছেন।
অগ্নিনির্বাপন কর্মকর্তা আরো বলেন, বিকালে শৈলকুপার ধাওড়া গ্রামের নাকেন শেখ, শফিকুল শেখ, কবীর শেখ, খোকন শেখ, আকামত শেখ, শুকুর শেখ, সাকা শেখ, বদরুল শেখসহ ১১ জনের বাড়ি সম্পূর্ণ পুড়ে গেছে।
প্রথমে স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণে আনে। পরে অগ্নিনির্বাপন দলের সদস্যরা আগুন নেভায়।
নাকেন শেখের বাড়িতে বৈদ্যুতিক শর্ট-সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে তিনি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধ/এমএইচপি/ডিডি/২০৩৬ ঘ.
bdnews24