চট্টগ্রাম, ফেব্র“য়ারি ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শিক্ষক সঙ্কট সমাধান এবং ছাত্রাবাসে গ্যাস, পানি ও বিদ্যুতের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক আধ ঘণ্টা অবরোধ করে বিক্ষোভ দেখিয়েছে চট্টগ্রামের ‘হেলথ টেকনোলজি ইনস্টিটিউট’ এর শিক্ষার্থীরা।
তাদের অবরোধের কারণে শনিবার সকাল সাড়ে ১০টা থেকে ১১টা পর্যন্ত মহাসড়কের ফৌজদারহাট এলাকায় যান চলাচল বন্ধ থাকে।
মহাসড়ক পুলিশের ফৌজদারহাট ফাঁড়ির হাবিলদার মো. কামাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, প্রতিষ্ঠানের অধ্যক্ষ ও স্থানীয় প্রশাসন সমস্যা সমাধানের আশ্বাস দিলে শিক্ষার্থীরা রাস্তা থেকে সরে আসে।
ইনস্টিটিউটের দ্বিতীয় ব্যাচের শিক্ষার্থী সুদীপ্ত দাশ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমাদের শিক্ষক সংখ্যা একেবারেই কম। এমনকি আবাসিক হলে কোনো তত্ত্বাবধায়কও নেই।”
তিনি জানান, বেশিরভাগ দিন পানি না থাকায় ছাত্ররা পাশের পুকুরে গোসল করতে পারলেও মেয়েদের চরম ভোগান্তি পোহাতে হয়। খাবার পানিরও কোনো সুব্যবস্থা নেই।
প্রতিষ্ঠানের সমাস্যার কথা স্বীকার করে অধ্যক্ষ ডা.কাজী আলী আকবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সরকারি বরাদ্দ না পাওয়ায় এসব সমস্যার দ্রুত সমাধান সম্ভব হচ্ছে না। সরকারি বরাদ্দ আসছে, আরো আসবে। ধীরে ধীরে সমস্যার সমাধান হবে।”
তিনি জানান, দুই বছর আগে যাত্রা শুরু করা এ ইনস্টিটিউটে বর্তমানের দুই ব্যাচে প্রায় ৩০০ শিক্ষার্থী রয়েছে। সরকার এখনো জনবল কাঠামো অনুমোদন না করায় প্রেষণে ১৭ জন শিক্ষক দিয়ে শিক্ষা কার্যক্রম চালানো হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমইউ/আরএম/জেকে/১৬৪০ ঘ.
bdnews24