নারায়ণগঞ্জ, ফেব্রুয়ারি ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জ শহরের এক নম্বর রেলগেইট এলাকায় অগ্নিকাণ্ডে ২০টি দোকান পুড়ে গেছে।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা ওমর ফারুক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রেলওয়ে জমির ওপর গড়ে ওঠা টিনশেডের দোকানগুলোতে শুক্রবার মধ্যরাতে আগুন লাগে।
তিনি বলেন, “শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। মণ্ডলপাড়া ও হাজীগঞ্জের চারটি ইউনিট এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।”
এলাকাবাসী জানায়, পুড়ে যাওয়া দোকানগুলোর মধ্যে টায়ার, মোটর যন্ত্রাংশ ও জ্বালানি তেলের দোকানও ছিল। মধ্যরাতে আগুনের শিখা ৩০-৪০ ফুট উপরে উঠে গেলে আশেপাশের মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ওমর ফারুক বলেন, “আগুনে প্রায় অধা কোটি টাকার মালামাল পুড়ে গেছে বলে এলাকাবাসীর ধারণা।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/জেকে/১১১৫ ঘ.
bdnews24