২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা বারে সংখ্যাগরিষ্ঠতা সরকারবিরোধীদের

দেশের সবচেয়ে বড় আইনজীবী সমিতি ঢাকা বারের নির্বাচনে সভাপতিসহ বেশিরভাগ পদে বিএনপি-জামায়াত সমর্থিতরা জয়ী হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Feb 2012, 05:50 PM

Updated : 24 Aug 2022, 10:50 AM

ঢাকা, ফেব্রুয়ারি ২৪ (বিডিনিউজ টোয়ন্টিফোর ডটকম)- দেশের সবচেয়ে বড় আইনজীবী সমিতি ঢাকা বারের নির্বাচনে সভাপতিসহ বেশিরভাগ পদে বিএনপি-জামায়াত সমর্থিতরা জয়ী হয়েছে। সভাপতিসহ ১৫টি পদে জয় পেয়েছে বিএনপি-জামায়াত সমর্থিত আইনজীবীদের প্যানেল। আওয়ামী লীগ সমর্থিত প্যানেল থেকে সাধারণ সম্পাদকসহ ১০ জন বিজয়ী হয়েছে। বুধবার ও বৃহস্পতিবার এই নির্বাচনের ভোটগ্রহণের পর শুক্রবার ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার নির্বাচন কমিশনার ইবনে আজিজ মো. নুরুল হুদা। গত বছর আওয়ামী লীগ সমর্থিত প্যানেল সভাপতিসহ ২৫টি পদের ১৭টিতে বিজয়ী হয়েছিল। ওই সময়ে বিএনপি-জামায়াত সমর্থিত প্যানেল সাধারণ সম্পাদকসহ আটটি পদে বিজয়ী হয়। এবার সভাপতি পদে নির্বাচিত মো. বোরহান উদ্দিন পেয়েছেন ৩ হাজার ৪৬৬ ভোট। তার প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের কাজী নজিবুল্লাহ হিরু পান ৩ হাজার ৩৪৯ ভোট। ৪ হাজার ৪৭ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মো. আলী হোসেন। তার প্রতিদ্বন্দ্বী মো. খোরশেদ আলম মিয়া তার চেয়ে ১ হাজার ২১৯ ভোট কম পেয়েছেন। কোষাধ্যক্ষ, পাঠাগার সম্পাদক, সাংস্কৃতিক সম্পাদক ও দপ্তর সম্পাদক এবং ৯টি সদস্য পদে বিজয়ী হয়েছে বিএনপি-জামায়াতের আইনজীবীরা। অন্যদিকে আওয়ামী লীগ সমর্থকরা জ্যেষ্ঠ সহসভাপতি, সহসভাপতি, জ্যেষ্ঠ সহসাধারণ সম্পাদক, সহসাধারণ সম্পাদক এবং পাঁচটি সদস্য পদ জয়ী হয়েছে। জ্যেষ্ঠ সহসভাপতি পদে খন্দকার আবুল কাশেম, সহসভাপতি পদে মো. আবদুর রাজ্জাক মিয়া বিজয়ী হয়েছেন। মতিউর রহমান ভূইঞা জ্যেষ্ঠ সহ-সাধারণ সম্পাদক এবং মো. মঈন উদ্দিন নির্বাচিত হয়েছেন। মোহাম্মদ মোহসীন কোষাধ্যক্ষ, শোয়াইব মিয়া পাঠাগার সম্পাদক, সৈয়দা শাহীন আরা লাইলী সাংস্কৃতিক সম্পাদক, এরশাদুল আলম জর্জ দপ্তর সম্পাদক নির্বাচিত হয়েছেন। কার্যনির্বাহী সদস্য পদে বিজয়ী বিএনপি সমর্থকরা হলেন- এবিএম আরিফ বিল্লাহ, আবদুল মালেক ইমন, জ্ঞানদা প্রসাদ দাস অঞ্জন, আফানুর রহমান রুবেল, তোফাজ্জল হোসেন জাফর, এহসান লাবীব জেকব, নাছিমা আক্তার, রুনা ইকবাল ও সিমকী ইমাম খান। আওয়ামী লীগ সমর্থিত প্যানেল থেকে নির্বাচিত সদস্যরা হলেন- কাজী হেলাল উদ্দিন, মাহমুদা আক্তার পলি, খোদেজা সুলতানা মিতা, মাজহারুল হক, মাহফুজুর রহমান চৌধুরী ও জাহাঙ্গীর আলম। নির্বাচনে ২৫টি পদের বিপরীতে ৫১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এবারের নির্বাচনে ১২ হাজার ৫৬ জন ভোটারের মধ্যে মোট ৬ হাজার ৯৩১ জন ভোটার ভোট দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এসএম/ডিডি/০০১০ ঘ.