২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘দেখার সময় শেষ, এখন সময় কেনার’

ছুটির দিনে জমজমাট বইমেলায় বিক্রি নিয়ে সন্তুষ্ট প্রকাশকরা। এদিন দেওয়া হয়েছে বাংলা একাডেমী পুরস্কারও।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Feb 2012, 04:25 PM

Updated : 24 Aug 2022, 10:50 AM

ঢাকা, ফেব্রুয়ারি ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অন্য ছুটির দিনগুলোতে মেলায় লোক সমাগম বেশি হলেও বিক্রি তুলনামূলক কম হওয়ার কথা বিক্রেতারা বলে আসছিলেন। কিন্তু মেলার শেষ শুক্রবার ভিড়ের সঙ্গে সঙ্গে বিক্রিও বেড়েছে বলে জানান তারা। কাকলী প্রকাশনের বিক্রয় প্রতিনিধি মামুন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ছুটির দিনে ভিড় বেশি থাকলেও সেই রকম বিক্রি হয় না। কিন্তু আজ লোকজন বইও কিনছে।” একই অভিমত জানিয়ে সময় প্রকাশনের আনিসুর রহমান বলেন, “ভিড় সামলাতে হিমশিম খেতে হচ্ছে। আজকের ছুটির দিনটা অন্য দিনের মতো না। ভিড় যেমন, বিক্রিও তেমন।” মেলা ঘুরে অধিকাংশ দর্শনার্থীর হাতে বইয়ের প্যাকেট দেখা যায়। উত্তরা থেকে মেলায় আসা ব্যাংক কর্মকর্তা হাবিবুর রহমান বলেন, “অন্য ছুটির দিনগুলোতে মেলায় এলেও বই কেনার ঝোঁক ছিল কম। কিন্তু আজকের পরে হয়তো আর আসা হবে না, তাই পছন্দের বইগুলো কিনে নিচ্ছি।” স্কুল শিক্ষিকা জান্নাতুল ফেরদৌসও বললেন একই কথা- “এই কয়েকদিন ঘোরাঘুরি আর বই দেখতে দেখতে কেটেছে। এখন কেনার সময়।” সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করে শিখর কালচারাল অর্গানাইজেশন এবং লোকগান পরিবেশন করে লোকগানের সংগঠন ‘সহজিয়া’ ও ‘ভাটিবাংলা বাউল একাডেমী ও গবেষণা কেন্দ্র’। বাংলা একাডেমী পুরস্কার প্রদান শুক্রবার একুশের বইমেলায় এই বছরের বাংলা একাডেমী পুরস্কারের জন্য মনোনীতদের হাতে সম্মাননা পত্র ও স্মারক তুলে দেওয়া হয়। সেই সঙ্গে দেওয়া হয় এক লাখ টাকার চেক। এবার পুরস্কার পেয়েছেন মোট ১০ জন। তাদের হাতে পুরস্কার তুলে দেন বাংলা একাডেমীর সভাপতি অধ্যাপক আনিসুজ্জামান এবং মহাপরিচালক শামসুজ্জামান খান। পুরস্কারপ্রাপ্তরা হলেন- কবিতায় যৌথভাবে অসীম সাহা এবং কামাল চৌধুরী, কথাসাহিত্যে আনিসুল হক, প্রবন্ধে আবদুল্লাহ আবু সায়ীদ, গবেষণায় অধ্যাপক বিশ্বজিৎ ঘোষ, অনুবাদে অধ্যাপক খালিকুজ্জামান ইলিয়াস, মুক্তিযুদ্ধভিত্তিক সাহিত্যে বেলাল মোহাম্মদ, ভ্রমণ কাহিনীতে ডা. বরেণ চক্রবর্তী, বিজ্ঞান প্রযুক্তি ও পরিবেশে ড. আলী আসগর এবং শিশুসাহিত্যে আখতার হুসেন। নাটকের জন্য এবার কোনো পুরষ্কার দেওয়া হয়নি। মনোনয়ন বোর্ড বলেছে, তারা উপযুক্ত ব্যক্তি খুঁজে পাননি। মহাপরিচালক শামসুজ্জামান খান বলেন, “পুরোপুরি গণতান্ত্রিক পদ্ধতি অনুসরণ করে বাংলা একাডেমী সাহিত্য পুরস্কার দেওয়া হয়েছে। সবাইকে একসঙ্গে খুশি করা যদিও সম্ভব নয়, তবু এবারের পুরস্কার সবার কাছেই গ্রহণযোগ্য হয়েছে।” অধ্যাপক আনিসুজ্জামানও মহাপরিচালকের বক্তব্যের সঙ্গে একমত পোষণ করেন। তিনি বলেন, “বাংলা একাডেমী সাহিত্য পুরস্কার বাংলাদেশের সৃজনশীল লেখকদের কাজের স্বীকৃতি। রাজনৈতিক নেতিবাচক বিবেচনায় অনেক সময় অযোগ্যরাও এই পুরস্কার লাভ করলেও অধিকাংশ ক্ষেত্রেই এই পুরস্কার যথাযথ পাত্রেই অর্পিত হয়েছে।” নতুন বই শুক্রবার মেলায় মোট ১৪৯টি বই এসেছে। এর মধ্যে গল্প ২২, উপন্যাস ১৮, প্রবন্ধ ১১, কবিতা ৩৪, গবেষণা ১০, শিশুতোষ গ্রন্থ ১৫, জীবনী পাঁচ, ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধ বিষয়ক ৬, ইতিহাস ও ভ্রমণ কাহিনী ৩, নাটক, বিজ্ঞান, রাজনীতি,কম্পিউটার, ধর্ম বিষয়ক, অনুবাদ ও চিকিৎসা বিষয়ক ১টি করে, রম্যরচনা ২ এবং অন্যান্য বিষয়ক ১৩টি বই। এর মধ্যে উল্লেখযোগ্য বইগুলো হচ্ছে ঝিনুক প্রকাশনী থেকে শামসুজ্জামান খান এর প্রবন্ধগ্রন্থ ‘বুদ্ধিজীবী ও রাষ্ট্র পাকিস্তান থেকে বাংলাদেশ’, অন্য প্রকাশ থেকে হূমায়ূন আহমেদের ভ্রমণকাহিনী ‘পায়ের তলায় খড়ম’, মিজান পাবলিশার্স থেকে ‘আনোয়ারা সৈয়দ হকের কলাম-১’, কাশবন প্রকাশন থেকে বেবী মওদুদের ‘প্রতিবন্ধিতা অভিশাপ নয়’, গাজী প্রকাশনী থেকে মহাদেব সাহার কবিতাগ্রন্থ ‘অপরূপ অশ্র“জল’, দি রয়্যাল পাবলিশার্স থেকে মুস্তাফা নূরউল ইসলাম এর আত্মজীবনী ‘ফিরে দেখা ছেলেবেলা’, জনতা প্রকাশ থেকে সৈয়দ শামসুল হকের গল্পগ্রন্থ ‘নিঃসঙ্গতা’ ইত্যাদি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএমআর/এমআই/২২১৫ ঘ.