নয়া দিল্লি, ফেব্রুয়ারি ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী পি. চিদাম্বরম বলেছেন, বাংলাদেশের সঙ্গে আসামি প্রত্যর্পণ চুক্তির বিষয়টি বর্তমানে চূড়ান্ত পর্যায়ে রয়েছে।
শুক্রবার নয়া দিল্লিতে স্বরাষ্ট্রমন্ত্রী সাহার খাতুনের সঙ্গে এক বৈঠকের পর সংবাদ সম্মেলনে চিদাম্বরম সাংবাদিকদের বলেন, বাংলাদেশের অনুরোধে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দুই হত্যাকারীকে খুঁজে বের করার জন্য পশ্চিমবঙ্গ রাজ্য সরকার চেষ্টা চালিয়ে যাচ্ছে।
আসামি প্রত্যর্পণ চুক্তি স্বাক্ষরিত হওয়ার আগেই ওই দুইজন গ্রেপ্তার হয়ে গেলে তাদের বাংলাদেশের কাছে হস্তান্তরের জন্য একটি আইনি পথ ঠিকই বের করা হবে বলেও মন্তব্য করেন তিনি।
সাহারা খাতুন বলেন, বঙ্গবন্ধু হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামি বর্তমানে ভারতের পশ্চিমবঙ্গে অবস্থান করছে বলে সন্দেহ করা হচ্ছে। চিদাম্বরমের সঙ্গে বৈঠকে এ বিষয়টি তিনি তুলে ধরেছেন বলে জানান।
ক্যাপ্টেন আব্দুল মাজেদ ও রিসালদার মোসলেহউদ্দিন ভারতে পালিয়ে আছে বলে বাংলাদেশ দাবি জানিয়ে আসছে।
গত বছর জুলাইয়ে চিদাম্বরমের ঢাকা সফরের সময় দুই দেশের মধ্যে সমন্বিত সীমান্ত ব্যবস্থাপনা পরিকল্পনা সই হওয়ার পর এটাই ছিল দুই দেশের স্বরাষ্ট্রমন্ত্রীদের প্রথম বৈঠক। গত বছরের বৈঠকেও বঙ্গবন্ধুর খুনিদের ফিরিয়ে দেওয়ার বিষয়ে দুই স্বরাষ্ট্রমন্ত্রীর মধ্যে আলোচনা হয়েছিল।
১৯৭৫ সালের ১৫ অগাস্ট একদল সেনা সদস্য ধানমণ্ডির ৩২ নম্বরের বাড়িতে হানা দিয়ে তৎকালীন রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করে। ওই মামলায় সর্বোচ্চ আদালতের রায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ১২ জনের মধ্যে সৈয়দ ফারুক রহমান, সুলতান শাহরিয়ার রশিদ খান, বজলুল হুদা, মহিউদ্দিন আহমেদ ও এ কে এম মহিউদ্দিনের ফাঁসি কার্যকর করা হয়েছে।
বাকি সাতজনের মধ্যে মোসলেহউদ্দিন ও আব্দুল মাজেদ বতর্মানে ভারতে অবস্থান করছেন বলে ধারণা করা হয়। এছাড়া, আব্দুর রশিদ, শরিফুল হক ডালিম, নূর চৌধুরী ও এম এ রাশেদ চৌধুরীও বিদেশে পলাতক। তাদের গ্রেপ্তারে ইন্টারপোলের পরোয়ানাও রয়েছে।
দণ্ডিত আব্দুল আজিজ পাশা পলাতক অবস্থায় জিম্বাবুয়েতে মারা যান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেকে/১৬১৫ ঘ.
bdnews24