২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাদারীপুরে বাস খাদে, নিহত ১৪

খুলনা থেকে বরিশালগামী বাসটির চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে এ দুর্ঘটনা ঘটে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Feb 2012, 08:57 AM

Updated : 24 Aug 2022, 10:50 AM

মাদারীপুর, ফেব্রুয়ারি ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাদারীপুরের পান্তাপাড়া এলাকায় একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত ১৪ জন নিহত হয়েছেন। আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে ১৯ জনকে। শুক্রবার বেলা ১১টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ। নৌ পরিবহনমন্ত্রী শাজাহান খান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। জেলার পুলিশ সুপার নজরুল হোসেন জানান, খুলনা থেকে বরিশালগামী আরপি পরিবহনের বাসটি মাদারীপুরের পান্তা পাড়া এলাকায় পৌঁছানোর পর একটি নির্মাণাধীন কালভার্টের ডাইভারশন রোড পার হওয়ার সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে বাসটি রাস্তার পাশে খাদের পানিতে পড়ে যায়। ঘটনার পরপরই পুলিশ স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় উদ্ধার কাজ শুরু করে। দুর্ঘটনাকবলিত বাসটি থেকে উদ্ধার করা হয় ১৩ জনের লাশ। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর আরো একজন মারা যান বলে অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার ফরিদুল ইসলাম জানান। সিভিল সার্জন নোমান চৌধুরী জানান, দুর্ঘটনায় বাসের সবাই কমবেশি আহত হয়েছেন। তাদের মধ্যে ১৯ জনকে মাদারীপুর সদর ও কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। নিহতদের মধ্যে পাঁচজনের পরিচয় জানা গেছে। এরা হলেন- মাদারীপুরের রাজৈর উপজেলার গণি খাঁ (৫০), সদর উপজেলার সোবহান ঘরামি (৪৫) ও সিরাজুল ইসলাম (৪২), শরিয়তপুরের জাজিরা উপজেলার মনির হোসেন (২২) এবং ফরিদপুরের ভাঙ্গা উপজেলার জবেদ মাতবর (৫৫)। এদের মধ্যে শেষ ব্যক্তি মারা যান মাদারীপুর সদর হাসপাতালে নেওয়ার পর। দুর্ঘটনার প্রায় সাড়ে ৩ ঘণ্টা পর বাসটি তুলে আনা সম্ভব হয় বলে পুলিশ সুপার জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেকে/১৫২০ ঘ.